০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভারতে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর উদ্যোগ, ২০ রাজ্যে বিশেষ অভিযান

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময় তালিকায় নাম না ওঠা যোগ্য নাগরিকদের ফের ভোটার তালিকায় ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

ভারতে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর উদ্যোগ, ২০ রাজ্যে বিশেষ অভিযান

ভোটার তালিকায় নাম ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 06:35 PM

Updated : 02 Oct 2026, 06:35 PM

ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি বাদ পড়া নিয়ে বিতর্ক ও প্রতিবাদের মুখে এবার নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- এর সময় তালিকায় নাম না ওঠা যোগ্য নাগরিকদের ফের ভোটার তালিকায় ফেরাতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে কমিশন।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে এমন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই অভিযান চালানো হবে।

এর আওতায় প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং এসআইআর চলার সময় বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদেরকে তালিকায় ফেরানো হবে।

গত ২৯ সেপ্টেম্বর সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে লিখিত নির্দেশ পাঠায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যগুলোর নির্বাহীদের সঙ্গে ভিডিও কনফারেন্সেও এই নির্দেশের কথা আবার জানানো হয়।

কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে, সেখানে সিইও, জেলা নির্বাচনী কর্মকর্তা এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়মিত ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি বিশেষ অভিযান চালাতে হবে।

প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও ভোটারদের নাম তালিকায় তোলার কথা বলা হয়েছে। আগামী এক মাস ধরে চলবে এই বিশেষ কর্মসূচি। এসআইআর প্রক্রিয়ার শুরুর মতো এবারও বুথ স্তরের কর্মকর্তারা প্রতিটি বাড়িতে যাবেন, ভোটারদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবেন এবং বাদ পড়া যোগ্য ভোটারদের চিহ্নিত করে ফর্ম ৬ পূরণ করাবেন।

পুরনো আর নতুন তালিকা মিলিয়ে দেখা হবে

কমিশনের নির্দেশে বলা হয়েছে এসআইআর-এর আগের ভোটার তালিকার সঙ্গে এর পরের তালিকা মিলিয়ে দেখতে। কার কার নাম বাদ গেছে সেই তালিকা তৈরি করতে হবে। এরপর দেখতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন কি না, তিনি ডুপ্লিকেট ভোটার ছিলেন কি না অথবা তার মৃত্যু হয়েছে কি না।

এর কোনওটিই না হলে অথচ তার নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকলে, তাকে ‘লেফট আউট’ ভোটার হিসেবে চিহ্নিত করে ফের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে।

কেন এই সিদ্ধান্ত নিল কমিশন?

ভারতের ২০টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।

এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়েই নির্বাচন কমিশন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিভিন্ন মামলায় প্রশ্নের মুখে পড়েছে।

এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও নিয়ম বদলের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ চলছে। এই রাজনৈতিক চাপ ও বিতর্কের মুখেই তালিকা সংশোধনে এবং যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত করতে মাঠে নামছে নির্বাচন কমিশন।