পাপুয়া নিউ গিনিতে আদিবাসী সংঘাতে ২৬ জন নিহত
দেশটির পার্বত্য এলাকাগুলোতে দীর্ঘদিন থেকেই সহিংসতা চলে আসছে। কিন্তু এ হত্যাকাণ্ড কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় আদিবাসীদের সংঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির পুলিশের মুখপাত্র বিবিসি-কে বলেছেন, এ সপ্তাহান্তে এনগা প্রদেশে এক চোরাগোপ্তা হামলায় গুলি করে ওই ২৬ জনকে হত্যা করা হয়।
পার্বত্য এলাকাগুলোতে দীর্ঘদিন থেকেই সহিংসতা চলে আসছে। কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা কয়েকবছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে সেখানে সংঘর্ষ আরও প্রাণঘাতী হয়েছে এবং সহিংসতা বাড়ছে।
কর্তৃপক্ষ আদিবাসী সংঘর্ষে প্রাথমিকভাবে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল। পরে খবরে বলা হয়, সংখ্যা গণনায় ভুল হয়েছে। নিহতের সংখ্যা আসলে ২৬।
বিবিসি এ বিষয়ে নিশ্চিত হতে পাপুয়া নিউ গিনির পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ জানিয়েছে, তারা রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে ওয়াবাগ শহরের কাছে সংঘর্ষস্থল থেকে মৃতদেহ সংগ্রহ করতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-কে পাপুয়া নিউ গিনির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জর্জ ককাস বলেছেন, “এখন পর্যন্ত এনগায় আমার দেখা এটিই সবচেয়ে বড় হত্যাকাণ্ড। হয়ত পাপুয়া নিউ গিনির সমস্ত পার্বত্যভূমিতেও।
"আমরা এই ঘটনায় মানসিক ভাবে চাপে আছি। এটি কাটানো আসলেই খুব কঠিন”, বলেন তিনি।
বিবিসি জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে গ্রাফিক ভিডিও এবং ছবি উদ্ধার করেছে। ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে ছিন্নভিন্ন ও রক্তাক্ত লাশ পড়ে আছে যেগুলো একটি ট্রাকে তোলা হয়েছে।
এনগায় বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়েই চলছে। প্রায়শই জমি এবং সম্পদের বণ্টন নিয়ে বিরোধ হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ায় গত বছরের জুলাই মাসে এনগাতে তিন মাসের লকডাউন দেওয়া হয়েছিল।
পুলিশ কারফিউ এবং ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাছাড়া, গত বছর অগাস্টে ঘটা সহিংসতায় তিনটি লাশের ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে ঘটনাটি আন্তর্জাতিক শিরোনাম হয়।
