২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে রাশিয়ার হত্যাযজ্ঞের বিচার চায় ইইউ

ইউক্রেইনের সেনাদের সদ্য মুক্ত করা ইজিয়ুম শহরে গণকবর খুঁজে পাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে চেক রিপাবলিক।

ইউক্রেইনে রাশিয়ার হত্যাযজ্ঞের বিচার চায় ইইউ

ছবি; রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 04:34 PM

Updated : 18 Sep 2022, 04:34 PM

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিচার করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

চেক রিপাবলিক এ আহ্বান জানায়। চেক রিপাবলিক বর্তমানে ইইউ’র প্রেসিডেন্ট পদে আছে।

খারকিভে রাশিয়ার দখল থেকে সদ্যই ইউক্রেইনের সেনাদের মুক্ত করা ইজিয়ুম শহরে শত শত কবর খুঁজে পাওয়ার পর এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের ডাক এল বলে জানিয়েছে বিবিসি।

ইজিয়ুমের গণকবরে বহু সাধারণ মানুষ, নারী ও শিশুর মৃতদেহ পাওয়া গেছে। চেক পররাষ্ট্রমন্ত্রী জেন লিপাভস্কি বলেছেন, “আমাদের অবস্থান সব যুদ্ধপরাধীর সাজা পাওয়ার পক্ষে।”

ইউক্রেইন বলছে, ইজিয়ুম শহরে যুদ্ধাপরাধ হয়েছে বলেই তারা বিশ্বাস করে। গণকবর থেকে এ পর্যন্ত ৫৯ টি মৃতদেহ খুঁড়ে তোলা হয়েছে। শহরের ধারের জঙ্গলের কবর থেকে আরও দেহ উদ্ধার পেতে পারে বলে মনে করা হচ্ছে।

চেক পররাষ্ট্রমন্ত্রী লিপাভস্কি বলেছেন, “একবিংশ শতাব্দীতে সাধারণ মানুষের ওপর এমন হামলা অচিন্তনীয়, জঘন্য। আমরা এঘটনাকে উপেক্ষা করতে পারি না। আমরা সব যুদ্ধাপরাধীর সাজা চাই।”

“আমি দ্রুতই একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানাচ্ছি, যার মাধ্যমে আগ্রাসনের অপরাধের বিচার করা হবে।”

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সন্ধ্যায় তার নিয়মিত ভাষণে বলেছেন, তদন্তকারীরা খারকিভের ইজিয়ুম শহরে কবর দেওয়া মৃতদেহগুলোতে নির্যাতনের নতুন প্রমাণ পেয়েছেন।

খারকিভ অঞ্চলে রুশ সেনাদের কবলমুক্ত হওয়া বিভিন্ন শহর-নগরের একাধিক এলাকায় এরই মধ্যে ১০ টিরও বেশি নির্যাতন কক্ষ পাওয়া গেছে বলে জানান জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়াকে রণক্ষেত্র এবং আদালত দুই জায়গাতেই এর জবাবদিহি করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছিলেন, ইউক্রেইনে যুদ্ধাপরাধের জন্য তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধাপরাধের বিচার চান।