রাশিয়ায় দুগিনাকে হত্যার নেপথ্যে ইউক্রেইন, ধারণা যুক্তরাষ্ট্রের
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে দারিয়া দুগিনাকে ইউক্রেইন সরকারই হত্যা করেছে বলে বিশ্বাস মার্কিন গোয়েন্দাদের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে ও সাংবাদিক দারিয়া দুগিনাকে ইউক্রেইন সরকারই হত্যা করেছে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইউক্রেইন সরকারের একাংশের নির্দেশেই ওই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল বলে ধারণা করছেন তারা।
তবে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদনের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ হত্যাকাণ্ডে অংশ নেয়নি এবং এ সম্পর্কে আগে থেকে কিছু জানতও না। জানা থাকলে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করত এবং ইউক্রেইনের সঙ্গে এ নিয়ে কথা বলত।
গত ২০ অগাস্ট রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে বোমা বিস্ফোরণে নিহত হন সাংবাদিক দারিয়া দুগিনা। তার বাবা ‘পুতিনের মস্তিষ্ক’ খ্যাত আলেক্সান্দার দুগিনই এ গাড়িবোমা হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হয়।
ইউক্রেইনে রুশ সেনা পাঠানোর পক্ষে শক্তিশালী অবস্থান নেওয়া কট্টর জাতীয়তাবাদী দুগিন পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেশে-বিদেশে পরিচিত।
রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দুগিনের মেয়ের ওপর হামলার ঘটনায় ইউক্রেইনের সিক্রেট সার্ভিস জড়িত বলে দোষারোপ করে। তবে ইউক্রেইন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে।
ইউক্রেইনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, দুগিনা তার মৃত্যুর আগে ইউক্রেইনের নজরে ছিলেন না। তার কাজকর্ম এবং প্রচার-প্রচারণায় তার প্রভাবের ব্যাপারে ইউক্রেইনের জনগণ কিংবা কর্তৃপক্ষের কিছু জানাও ছিল না।
পোদোলিয়াক আরও বলেন, “আমাদের মতে, দুগিনা হত্যাকাণ্ড থেকে লাভবান হয়েছে ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের পক্ষে থাকা কিছু কট্টর সমর্থক। এদের মধ্যে রাশিয়ার বিশেষ বাহিনীর একটি অংশও আছে।”
মস্কো দুগিনা হত্যার দায় কিইভের ঘাড়ে চাপিয়ে ইউক্রেইনে কিছু রুশ সেনার যুদ্ধাপরাধের অভিযোগ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চেয়েছে বলে পোদোলিয়াক মন্তব্য করেন।
