২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবর্তনে জেলেনস্কির বেশে জাপানি ছাত্র

ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো পোশাক পরে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেন এক জাপানি ছাত্র।

সমাবর্তনে জেলেনস্কির বেশে জাপানি ছাত্র

ইউক্রেইনের প্রেসিডেন্টের মতো পোশাক পরে সমাবর্তনে জাপানি ছাত্র। ছবি: ইয়োমিউরি/বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 04:23 PM

Updated : 28 Mar 2023, 10:11 PM

জাপানে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো বেশভূষায় অংশ নিয়েছেন এক ছাত্র।

ছবিতে দেখা যায়,  এই ছাত্র জেলেনস্কির মতো জলপাই রঙের লম্বা হাতার টি শার্ট এবং এর সঙ্গে মিলিয়ে ট্রাউজার পরেছেন। জেলেনস্কির মতো গোঁফ-দাড়িও রাখতে দেখা যায় তাকে।

জপানের ইয়োমিউরি নেটওয়ার্ককে তিনি বলেন, গত ডিসেম্বর থেকে দাড়ি-গোঁফ রাখার চেষ্টা করে এসেছেন। তাকে দেখতে জেলেনস্কির মতোই লাগছে বলে লোকজন মন্তব্য করছিল।

জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি গ্রহণের সমাবর্তন অনুষ্ঠানে বেশিরভাগ সময়ই শিক্ষার্থীরা স্যুট কিংবা অন্য কোনও ফরমাল পোশাক পরে থাকে।

তবে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিগ্রিধারীদের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা আছে। সে সুবাদেই ওই ছাত্র জেলেনস্কির মতো পোশাক পরেন।

বিবিসি জানায়, টুইটারে জাপানি এই ছাত্রের পরিচয় দেওয়া হয়েছে কেবল আমিকি নামে।

জাপানের গণমাধ্যমে তিনি বলেন,  রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেইনের লড়াইয়ে সংহতি প্রকাশ করতেই জেলেনস্কির মতো পোশাক পরেছেন।

গতবছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি। সেই ভাষণ থেকে নেওয়া উদ্ধৃতি লেখা একটি প্ল্যাকার্ড সমাবর্তন অনুষ্ঠানে নিয়ে এসেছিলেন এই ছাত্র।

কোভিড মহামারীতে জারি থাকা কড়াকড়ির পর তিন বছরের মধ্যে এবারই জাপানে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্র-ছাত্রীরা প্রথম সশরীরে অংশ নিয়েছে।