২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার মুখে দেশ ছাড়া পাকিস্তানি সাংবাদিক কেনিয়ায় গুলিতে নিহত

সাংবাদিকতা বিষয়ক বহু পুরস্কার পাওয়া শরিফ পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন।

মামলার মুখে দেশ ছাড়া পাকিস্তানি সাংবাদিক কেনিয়ায় গুলিতে নিহত

কেনিয়ায় নিহত পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরিফ। ফাইল ছবি: ফেইসবুক থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 12:29 PM

Updated : 24 Oct 2022, 12:29 PM

রাষ্ট্রদ্রোহ মামলার মুখে দেশ ছাড়া পাকিস্তানের এক বিশিষ্ট সাংবাদিক কেনিয়ার রাজধানী নাইরোবিতে গুলিতে নিহত হয়েছেন।

পাকিস্তানের কিছু গণমাধ্যম প্রথমে জানিয়েছিল, জ্যেষ্ঠ সাংবাদিক আরশাদ শরিফকে গুলি করে হত্যা করা হয়েছে; কিন্তু পরে তারা জানায়, তিনি এক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এরপর সোমবার সকালে তার স্ত্রী জাভেরিয়া সিদ্দিকি জানান, তার স্বামী শরিফ গুলিতে নিহত হয়েছেন।

এক টুইটে তিনি বলেন, “আজ আমি আমার বন্ধু, স্বামী ও আমার প্রিয় সাংবাদিকে (আরশাদ শরিফ) হারিয়েছি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কেনিয়ায় গুলিবিদ্ধ হন।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসিম ইফতেখার ডন নিউজকে জানিয়েছেন, কেনিয়ায় পাকিস্তানের হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

ডন জানিয়েছে, উভয় দেশের কর্তৃপক্ষ সাংবাদিক শরিফের মৃত্যু ও পারিপার্শ্বিক পরিস্থিতি এখনও নিশ্চিত করেনি।

কিন্তু পরে টুইটে শরিফের স্ত্রী জানান, এ সাংবাদিককে কেনিয়ার গুলি করে হত্যা করা হয়েছে।

শরিফ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করতেন, তিনি একজন টেলিভিশন উপস্থাপকও ছিলেন। সাংবাদিকতা বিষয়ক বহু পুরস্কার পাওয়া শরিফ পাকিস্তানের বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন। চলতি বছরের প্রথমদিকে দেশটির বিভিন্ন শহরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পর দেশ ছেড়েছিলেন তিনি।

তার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাংবাদিক হামিদ মীরসহ অনেক বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন।