১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিথ্রো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

সংঘর্ষের পরপরই অন্তত পাঁচটি ফায়ার ইঞ্জিন দুর্ঘটনাস্থলে যায় এবং জরুরি উদ্ধার কাজ করে। উভয় উড়োজাহাজের গতি কম ছিল এবং সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হিথ্রো বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

টুইটার থেকে নেওয়া ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2024, 08:46 PM

Updated : 06 Apr 2024, 09:27 PM

রানওয়েতে ভার্জিন আটলান্টিক এর একটি উড়োজাহাজের সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজের সংঘর্ষে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইভনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, টার্মিনাল ৩ এ একটি খালি ভার্জিন ৭৮৭ উড়োজাহাজ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ সেটির ডানার সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজ এর এয়ারবাস এ৩৫০ এর সংঘর্ষ হয় এবং সেটির ডানার প্রান্তের একটি অংশ ভেঙে যায়।

এয়ারবাস এ৩৫০ যাত্রী বোঝাই ছিল এবং সেটি ঘানার রাজধানী আক্রার উদ্দেশে রওয়ানা হয়েছিল। তবে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সংঘর্ষের পরপরই অন্তত পাঁচটি ফায়ার ইঞ্জিন দুর্ঘটনাস্থলে যায় এবং জরুরি উদ্ধার কাজ করে। উভয় উড়োজাহাজের গতি কম ছিল এবং সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Image

টুইটার থেকে নেওয়া ছবি

ভার্জিনের একজন মুখপাত্র বলেন, “লন্ডনের হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ৩ এর স্ট্যান্ড থেকে আমাদের একটি খালি উড়োহজাহাজ টেনে নেওয়ার সময় সেটির ডানার একটি অংশের সঙ্গে অন্য একটি উড়োজাহাজের বাড়ি লাগে।

“আমাদের কাছে আমাদের ক্রু ও যাত্রীদের নিরাপত্তা সবার আগে। আমরা নিশ্চিত করে বলছি, ঘটনার সময় আমাদের উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিল না।

“আমরা একটি পূর্ণাঙ্গ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি। উড়োজাহাজটিকে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের প্রকৌশলীরা সেটি পরীক্ষা করে দেখছেন।”

এ দুর্ঘটনার পর ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজটি ছাড়তে কয়েকঘণ্টা বিলম্ব হয় বলেও জানা গেছে।