পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠাল লাটভিয়া
বেলারুশ সীমান্তে সীমান্তরক্ষীদের সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
বেলারুশে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার অবস্থান নেওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগা প্রতিবেশী দেশগুলো সীমান্তে সেনা পঠিয়ে নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে।
পশ্চিমা সামরিক জোট নেটোভুক্ত দেশ পোল্যান্ড সম্প্রতি বেলারুশ সীমান্তে হাজার হাজার সেনা পাঠানোর পর এবার লাটভিয়াও তাদের সীমান্তে সেনা পাঠিয়েছে।
মঙ্গলবার বেলারুশ সীমান্তে সীমান্তরক্ষীদের সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠাল লাটভিয়া। গত ২৪ ঘণ্টায় সীমান্ত দিয়ে ৯৬টি অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টা চলেছে বলে জানিয়েছেন তিনি।
সীমান্তরক্ষীরা এক বিবৃতিতে বলেছে, “লাটভিয়া হুমকি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকার ব্যাপারে তথ্য পেয়েছে।”
গত জুন মাসে রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই বাহিনীর যোদ্ধাদের একাংশ বেলারুশ সরকারের আমন্ত্রণে সেদেশে চলে যায়। এরপর বেশিকিছু ওয়াগনার যোদ্ধা পোল্যান্ড সীমান্ত এলাকায় মোতায়েন হয়েছে।
ওই যোদ্ধারা অভিবাসীর ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বা তারা বেলারুশের সীমান্ত রক্ষী হিসেবে আরও অবৈধ অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে সাহায্য করতে পারে বলেও উদ্বেগ আছে।
যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো কয়েকবারই বলেছেন, তিনি ওয়াগনার যোদ্ধাদের পোল্যান্ড আক্রমণ ঠেকিয়ে রাখছেন।
পোল্যান্ড বেলারুশ সীমান্তে আরও বাড়তি ১০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
