রোম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ত্রিপোলিতে পশ্চিমা বিমান হামলায় অন্তত ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন ত্রিপোলিতে ভ্যাটিকানের এক শীর্ষ কর্মকর্তা।
ভ্যাটিক্যানের মিশনারী শাখার ক্যাথলিক ফিদে বার্তা সংস্থাকে প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে কর্মর্কর্তা গিয়োভান্নি ইন্নোসেনজো মার্টিনেলি নিহতের এ পরিসংখ্যান দেন।
তিনি বলেন, পশ্চিমা বিমান হামলায় ত্রিপোলির কয়েকটি জায়গায় বেশকিছু সাধারণ মানুষ নিহত হয়েছে। এ সম্পর্কে নির্ভরযোগ্য সূত্র থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য পেয়েছেন বলে জানান তিনি।
গিয়োভান্নি আরো বলেন, বিশেষ করে ত্রিপোলির বাসলিম এলাকায় পশ্চিমা বোমা হামলায় একটি ভবন ধসে পড়ে ৪০ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24