২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি গাদ্দাফিকে উৎখাতের জন্য লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি গাদ্দাফিকে উৎখাতের জন্য লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন বলে বিবিসি জানায়। কর্নেল গাদ্দাফির বাহিনী অনেক দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে ওবামা বলেন, নিশ্চিতভাবে গাদ্দাফির পতন ঘটবে। পশ্চিমা জোটের বিমান হামলার পর এই প্রথম গাদ্দাফি বাহিনী বিদ্রোহীদের শত শত মাইল হটিয়ে দিয়েছে। বিদ্রোহীরা এখন রাস লানুফ শহর ছেড়ে পূর্বাঞ্চলের দিকে পিছু হটছে। পশ্চিমা নেতারা লন্ডনে বৈঠক করে যখন গাদ্দাফির পতনের পর লিবিয়ার ভবিষ্যৎ কি হবে তা ঠিক করছিলেন তখন বিদ্রোহীদের পিছু হঠার খবর আসে। ওই বৈঠকে গাদ্দাফির পতনের পর লিবিয়াকে সম্মিলিতভাবে সাহায্য করতে একটি যোগাযোগ গোষ্ঠী (কনটাক্ট গ্র"প) প্রতিষ্ঠার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। ওই গোষ্ঠীতে আরব সরকারগুলো অন্তর্ভুক্ত থাকবে বলে সিদ্ধান্ত হয়। ছয় সপ্তাহ আগে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ-বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়। বর্তমানে দেশটির পূর্বাংশের অধিকাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ও রাজধানী ত্রিপোলিসহ দেশটির পশ্চিমাংশের অধিকাংশ শহর গাদ্দাফি অনুগতদের দখলে রয়েছে। বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে ওবামা বলেন,"আমি এটি (অস্ত্র সরবরাহ) বাতিল করছি না, আবার অনুমোদনও করছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪২ ঘ.