ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বহুজাতিক বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 'অবৈধ হস্তক্ষেপ করায়' যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেকের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'যোগযোগ ইশকুল' নামের একটি সংগঠন।
ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে 'অসাংবাদিক সুলভ' আচরণের অভিযোগে এ সময় দেশের প্রধান দুটি ইংরেজি ও বাংলা দৈনিকের কপি পোড়ায় তারা।
অপরাজেয় বাংলার পাদদেশে যোগাযোগ ইশকুলের নেতা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, "প্রথম আলো ও ডেইলি স্টার ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে পক্ষপাতমূলক আচরণ করেছে।"
তিনি বলেন, পত্রিকা দুটি ড. ইউনূস ইস্যুতে রাবর্ট ও. ব্লেকের বক্তব্য প্রকাশ করলেও একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ প্রকাশ করেনি।
অনুমোদন না নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে।
ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। ওই রায়ের বিরুদ্ধে গত ৯ মার্চ আপিলের আবেদন করেন ইউনূস।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ঢাকা সফরে এসে ইউনূস ইস্যুতে 'সম্মানজনক' সমাধানে পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
যোগযোগ ইশকুলের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসান তৌফিক ইমাম। ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/১৮০৯ ঘ.
bdnews24