২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লক্ষ্য ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়া: মোদী

ভারতীয় প্রধানমন্ত্রী দেশটির তরুণদের ‘বড় লক্ষ্য’ নির্ধারণ করার ও তাদের সেরা সময়গুলো দেশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের লক্ষ্য ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়া: মোদী

ভারতের স্বাধীনতার ৭৫তম বছরপূর্তি অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় দেশটির জাতীয় পতাকার রঙের পাগড়ি পরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত জনতাকে অভিবাদন জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 02:37 PM

Updated : 15 Aug 2022, 02:37 PM

ভারত আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।

সোমবার ভারতের স্বাধীনতার ৭৫তম বছরপূর্তি অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লায় দেওয়া ভাষণে মোদী একথা বলেন।

জ্বালানি, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি খাতে দেশীয় উৎপাদন বাড়ানোর নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে ভারত এ লক্ষ্য অর্জন করবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোদী ভারতীয় তরুণদের ‘বড় লক্ষ্য’ নির্ধারণ করার ও তাদের সেরা সময়গুলো দেশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিন্দিতে দেওয়া ৭৫ মিনিটের ভাষণে ভারতীয় পতাকার রঙের পাগড়ি পরা ৭১ বছর বয়সী মোদী বলেন, “আমাদের আগামী ২৫ বছরের মধ্যে, আমাদের জীবৎকালের মধ্যেই ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে।

“এটি একটি বড় সংকল্প আর আমাদের সর্বশক্তি দিয়ে এর জন্য কাজ করা উচিত।”

বর্তমানে ভারতকে নিম্ন-মধ্য আয়ের অর্থনীতি হিসেবে শ্রেণিভুক্ত করেছে বিশ্বব্যাংক। যেসব দেশের মাথাপিছু জাতীয় আয়ের গড় ১০৮৬ ডলার থেকে ৪২৫৫ ডলারের মধ্যে তাদের এই শ্রেণিতে রাখে তারা। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর মাথাপিছু আয় ১৩২০৫ ডলার বা তারও বেশি।

ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি এবং ২০২৩ এর মার্চে শেষ হতে যাওয়া চলতি অর্থ বছরে এর ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে, যা বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্রুততম বলে জানিয়েছে রয়টার্স।

অনেক বিশেষজ্ঞের ধারণা, ২০৫০ সালের মধ্যে ভারতের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের ‍তৃতীয় বৃহত্তম হয়ে দাঁড়াতে পারে, কিন্তু মাথাপিছু আয় যা বর্তমানে ২১০০ ডলারের আশপাশে আছে তা তখনো অনেক দেশের তুলনায় কমই থাকতে পারে।

আগামী বছর ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।