২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন থেকে অনুপ্রবেশকারীদের হত্যা করছে ইসরায়েল, যুদ্ধ ছড়ানোর শঙ্কা

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ইসরায়েলে ঢুকে পড়া সন্দেহভাজন বেশ কয়েকজন অস্ত্রধারীকে সেনারা হত্যা করেছে।

লেবানন থেকে অনুপ্রবেশকারীদের হত্যা করছে ইসরায়েল, যুদ্ধ ছড়ানোর শঙ্কা

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 09 Oct 2023, 10:25 PM

Updated : 09 Oct 2023, 10:25 PM

ইসরায়েল বলেছে, তাদের সেনারা সোমবার হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে লেবানন থেকে ইসরায়েলে সশস্ত্র অনুপ্রবেশকারীদেরকে হত্যা করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবাননের ভূখন্ড থেকে ইসরায়েলের ভূখন্ডে ঢুকে পড়া সন্দেহভাজন বেশ কয়েকজন অস্ত্রধারীকে সেনারা হত্যা করেছে। এ মুহূর্তে হেলিকপ্টারে করে এলাকাটিতে হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলের এমন পদক্ষেপে আরেক সীমান্তে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সেনাবাহিনী তাদের ইসরায়েল সংলগ্ন সীমান্তে বিমান ও গোলা হামলা হওয়ার খবর জানিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম চারজনের ইসরায়েলে ঢুকে পড়ার খবর জানিয়ে বলেছে, দাহিরা শহরের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়েছে।

কয়েক দশকের মধ্যে গত শনিবার হামাসের যোদ্ধারা আকস্মিকভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর লেবাননের হেজবুল্লাহ গেরিলা গোষ্ঠী তাদেরকে সমর্থন দিয়েছে।

গোষ্ঠীটি ওইদিনই উত্তরাঞ্চলে ইসরায়েলের অধিকৃত সেবা ফার্ম এলাকায় একটি রাডারস্থলসহ তিনটি পোস্টে রকেট এবং গোলা হামলা চালায়। ইসরায়েলও এর জবাবে দক্ষিণ লেবাননে গোলা হামলা চালায়। এতে যুদ্ধ বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ার পট প্রস্তুত হয়।

এমন পরিস্থিতির মধ্যেই লেবানন থেকে ইসরায়েলে সশস্ত্র অনুপ্রবেশ ঘটার খবর এল। তবে হেজবুল্লাহর একজন কর্মকর্তা ইসরায়েলের ভেতরে কোনও অভিযান পরিচালনার কথা অস্বীকার করেছেন।

দক্ষিণ লেবাননের প্রভাবশালী এই শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে হামাসের মতোই সমর্থন দেয় ইরান। হেজবুল্লাহর আল মানার টিভির একজন সংবাদদাতা স্যোশাল মিডিয়া পোস্টে বলেছেন, লেবাননের ইসরায়েল সংলগ্ন দক্ষিণ সীমান্তে গোলা ও বন্দুক হামলার শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বেতারে ওই এলাকাটির অবস্থান লেবাননের দুটি সীমান্ত শহরের বিপরীত দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আদামিত এলাকার কাছে বলে জানানো হয়েছে।