এক্সন পরিচালিত শাখালিন তেল-গ্যাস প্রকল্পের নিয়ন্ত্রণ নেওয়ার আদেশ পুতিনের
প্রকল্পে বিদেশি শেয়ার হোল্ডাররা তাদের অংশীদারিত্ব রাখতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব রাশিয়ার সরকারকে দেওয়া হয়েছে।
এক্সন মোবিল কর্পোরেশন পরিচালিত রাশিয়ার দূর প্রাচ্যের শাখালিন-১ তেল ও গ্যাস প্রকল্পের জন্য নতুন পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার তিনি এ ডিক্রিতে স্বাক্ষর করেন; তার এই পদক্ষেপ রাশিয়ায় এক্সনের সবচেয়ে বড় বিনিয়োগে প্রভাব ফেলবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ায় আরও অনেক জ্বালানি প্রকল্প বাজেয়াপ্ত করার সময়ও দেশটির প্রেসিডেন্ট একই ধরনের কৌশল ব্যবহার করেছেন। তার ডিক্রিতে শাখালিন-১ প্রকল্পে বিদেশি শেয়ার হোল্ডাররা তাদের অংশীদারিত্ব রাখতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব রাশিয়ার সরকারকে দেওয়া হয়েছে।
শাখালিন-১ প্রকল্প পরিচালনা অংশীদারিত্বের ৩০ শতাংশ মার্কিন তেল উৎপাদক কোম্পানি এক্সনের হাতে আছে; তাদের সঙ্গে অংশীদার হিসেবে আরও আছে রাশিয়ার কোম্পানি রোসনেফট, ভারতের ওএনজিসি বিদেশ এবং জাপানের সোডেকো।
রাশিয়া ইউক্রেইনে সেনা পাঠানোর আগে শাখালিন-১ প্রকল্প থেকে প্রতিদিন ২ লাখ ২০ হাজার ব্যারেল তেল মিলতো, জুলাইয়ে তা নেমে এসেছে প্রতিদিন মাত্র ১০ হাজার ব্যারেলে।
মস্কোর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর মার্চ থেকেই এক্সন রাশিয়া থেকে বের হয়ে আসতে এবং শাখালিন-১ এ তাদের যতটুকু কর্তৃত্ব তা অন্য কোনো অংশীদারের কাছে স্থানান্তরের চেষ্টা করে আসছিল।
এ নিয়ে রুশ সরকার ও এক্সনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মার্কিন তেল উৎপাদক কোম্পানিটি এ বিষয়টি আন্তর্জাতিক সালিশ আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে।
শুক্রবারের ডিক্রি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এক্সন।
তাৎক্ষণিকভাবে শাখালিন-১ প্রকল্পের আরেক অংশীদার জাপানের সোডেকোর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে কোম্পানিটির ৫০ শতাংশের মালিক জাপানের শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা (ডিক্রি সংক্রান্ত) তথ্য সংগ্রহ করছেন এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে এ নিয়ে কথা বলছেন।
জাপান চলতি বছরের জুন থেকে রাশিয়ার অশোধিত তেল কেনা বন্ধ রেখেছে। এক্সনও রাশিয়ায় জ্বালানি উৎপাদন কমিয়ে দিয়েছে এবং দেশটি থেকে তার কর্মীদের সরিয়ে নিয়েছে।
অগাস্টে পুতিনের স্বাক্ষর করা এক ডিক্রির কারণে শাখালিন-১ প্রকল্প থেকে নিরাপদ ও পরিবেশগতভাবে নিরুপদ্রব প্রস্থান কঠিন হয়ে পড়েছে বলে সেসময় বলেছিল এক্সন। তারা পরে এ নিয়ে ‘নোট অব ডিফারেন্স’ দিয়েও রাখে, যাকে সালিশে যাওয়ার আগের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।
শুক্রবারের ডিক্রিতে বলা হয়েছে, রোসনেফটের সম্পূরক প্রতিষ্ঠান শাখালিনমরনেফতেগাজ-শেলফের ব্যবস্থাপনায় রাশিয়ার সরকার নতুন একটি কোম্পানি খুলবে, যারা শাখালিন-১ প্রকল্পে বিনিয়োগকারীদের অধিকারের নিয়ন্ত্রক হবে।
নতুন ওই কোম্পানি খোলার এক মাসের মধ্যে বিদেশি অংশীদারদেরকে নতুন করে তাদের শেয়ার চাইতে হবে, বলা হয়েছে ডিক্রিতে।
জুলাইয়ে এক ডিক্রি জারি করে শাখালিন-২ তেল-গ্যাস প্রকল্প পুরোপুরি অধিগ্রহণের আগেও পুতিন একই ধরনের কৌশল খাটিয়েছিলেন।
ওই প্রকল্পে অংশীদারদের মধ্যে ছিল শেল, জাপানি কোম্পানি মিতসুই অ্যান্ড কোং ও মিতসুবিশি কর্পোরেশন।
জাপানি দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান পরে তাদের অংশীদারিত্ব নতুন পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন জানালে রাশিয়া তা অনুমোদন করে।
