১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেইনজুড়ে রাশিয়ার তুমুল হামলা, নিহত ১৩

ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, কেবল রাজধানী কিইভেই রাশিয়া ২৫০ টি ড্রোন এবং ১৪ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেইনজুড়ে রাশিয়ার তুমুল হামলা, নিহত ১৩
ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শুক্র ও শনিবার দুই দফায় বড় ধরনের বন্দি বিনিময় হওয়ার মধ্যেও রাশিয়ার হামলা চলছে দফায় দফায়।

ইউক্রেইনজুড়ে রাশিয়ার বেপরোয়া এই হামলায় অন্তত ১৩ জন নিহত ৫৬ জন আহত হওয়ার খবর জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।

ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, কেবল রাজধানী কিইভেই রাশিয়া ২৫০ টি ড্রোন এবং ১৪ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন আহত হয়।

যুদ্ধের শুরু থেকে ইউক্রেইনে এটি ছিল রাশিয়ার অন্যতম বড় ধরনের বিমান হামলা। রাশিয়ার ৬ টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫ টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের বিমান বাহিনী।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে বলেছেন, “এমন প্রতিটি হামলার ক্ষেত্রেই বিশ্ব আরও নিশ্চিত হয়ে যাচ্ছে যে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে আছে মস্কোই।”

শুক্রবার বন্দিবিনিময় হওয়ার পর রাতে রাশিয়ার একের পর এক হামলা চলে। জেলেনস্কি একে ‘কঠিন এক রাত’ আখ্যা দিয়েছেন। বলেছেন, কিইভজুড়ে বিমান হামলায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি আগুন ও বিস্ফোরণে ধ্বংস হয়েছে কিংবা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।

পূর্ব দোনেৎস্ক অঞ্চলে নিহত হয়েছে চার জন। দক্ষিণ ওদেসা ও খেরসনে পাঁচজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে চারজন নিহত হয়েছে।

জেলেনস্কি বলেছেন, “রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাড়তি নিষেধাজ্ঞা আরোপই মস্কোকে একটি যুদ্ধবিরতিতে রাজি হতে চাপে ফেলতে পারে।”