Published : 21 Jul 2026, 08:52 PM
চীনের বিতর্কিত ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’-এর প্রতিবাদ এবং আত্মোৎসর্গকারী তিব্বতি অ্যাক্টিভিস্ট লোবগা রাংজেনের স্মরণে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে ‘তিব্বতি যুব কংগ্রেস’ (টিওয়াইসি)।
ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ২৪ ঘণ্টার পর্যায়ক্রমিক অনশন ধর্মঘটের মাধ্যমে এই আন্তর্জাতিক আন্দোলনের সূচনা করা হয়।
ধর্মশালার প্রধান তিব্বতি মন্দির ‘সুগলাগখাং’-এর কাছে টিওয়াইসির সাবেক কর্মকর্তা ও তিব্বতি অ্যাক্টিভিস্টরা এই অনশন কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে সমন্বিত বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিব্বতের মানবাধিকার পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
গত ২ জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিব্বতের স্বাধীনতার দাবিতে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন লোবগা রাংজেন। তার এই চরম আত্মত্যাগকে স্মরণ করেই বৈশ্বিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে টিওয়াইসি বলেছে, “তার এই প্রতিবাদ ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের কাছে একটি আবেদন এবং এটি মনে করিয়ে দেওয়ার প্রয়াস যে তিব্বত এখনো একটি পরাধীন রাষ্ট্র, যার জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া চীনের ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’কে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে টিওয়াইসি। সংগঠনটি বলেছে, কোনো সরকার আইনের মাধ্যমে একটি জাতির পরিচয় মুছে দিতে পারে না।
“কোনো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্য বিলুপ্ত করার নীতিকে ‘ঐক্য’ বলা যায় না; এটি মূলত রাষ্ট্রীয় শক্তিতে চালানো জোরপূর্বক একীকরণ প্রক্রিয়া।”
টিওয়াইসির সাবেক সভাপতি ও তিব্বতের নির্বাসিত পার্লামেন্টের সদস্য গোনপো ধোন্দুপ বলেন, লোবগা রাংজেনের আত্মদানকে সম্মান জানাতে এবং নিজেদের অধিকার পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখতেই এ আন্দোলন।
তিব্বতিদের ‘ন্যায্য স্বাধীনতা’ ফিরে না পাওয়া পর্যন্ত এই প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, প্রথম মাসে ধর্মশালায় আন্দোলন পরিচালিত হলেও পরে নয়া দিল্লি, নিউ ইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বৈশ্বিক প্রচার জোরদার করা হবে।
টিওয়াইসির সাবেক সহ-সভাপতি লবসাং তসেরিংও চীনের এই নতুন আইনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান।