২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প

কংগ্রেসের সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক এই মুসলিম নারী সদস্যের নিজ দেশে ফিরে যাওয়া উচিত- ট্রুথ সোশ্যালে লেখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সোমালি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক মুসলিম নারী সদস্য ইলহান ওমরের দেশীয় ঐতিহ্যকে আক্রমণ করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে  ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে থাকাকালে ট্রাম্প কয়েকবারই এমন আক্রমণাত্মক কথা বলেছেন।

পলিটিকো জানায়, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “তার (ইলহান ওমর) ফিরে যাওয়া উচিত।” এই পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেন তিনি, যেখানে ওমরকে একটি জনসভায় বক্তৃতা দিতে দেখা গেছে।

ওই সভা কখন হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি। তবে ওমরের বক্তব্যের সেই ভিডিও কয়েক সপ্তাহ ধরে ডানপন্থিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে ঘুরছে।

ইলহান ওমরের জন্ম সোমালিয়ায়। আট বছর বয়সে তিনি সোমালিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে যান। কেনিয়ার একটি শরণার্থী শিবিরে চার বছর কাটানোর পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান ওমর। তিনি ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন।

লরা লুমারসহ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এর সমর্থকরা দ্রুতই তাদের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ট্রাম্পের পোস্ট ছড়িয়ে দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে যে এই প্রথম ডেমোক্র্যাটিক দলীয় প্রতিনিধি ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বলেছেন তা নয়।

এর আগেও গত সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, “আপনি জানেন, আমি সোমালিয়া প্রধানের সঙ্গে দেখা করেছিলাম? আমি তাকে বলেছিলাম, তিনি হয়ত তাকে (ইলহান ওমর) ফিরিয়ে নিতে চাইবেন। তিনি বলেছিলেন, আমি তাকে চাই না।”

ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদেও বেশ কয়েকবার ইলহান ওমরকে আক্রমণ করে কথা বলেছিলেন। ২০২০ সালের নির্বাচনি প্রচারের শেষ মাসগুলোতে ওমরকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, “দেশ কীভাবে চালতে হবে তা আমাদেরকে শেখাচ্ছেন?”

ইলহান ওমরের কার্যালয় তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্য নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।