টুভ্যালুর এক-তৃতীয়াংশের বেশি মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রস্তর বেড়ে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কার কারণেই ভিসা আবেদনের এই হিড়িক।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভ্যালু এক তৃতীয়াংশের বেশি মানুষ অস্ট্রেলিয়ার জলবায়ু অভিবাসন ভিসার জন্য আবেদন করেছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রস্তর বেড়ে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কার কারণেই বাসিন্দাদের ভিসা আবেদনের এই হিড়িক, বলছেন কর্মকর্তারা।
জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত তাপুগাও ফালেফোউ বার্তা সংস্থা রোববার রয়টার্সকে বলেছেন, এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী দেখে তিনি নিজেও অবাক হয়ে গেছেন।
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি টুভ্যালু। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সমুদ্রস্তর বাড়ছে।
অস্ট্রেলিয়া ও হাওয়াই এর মাঝের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নয়টি প্রবাল দ্বীপজুড়ে বিস্তৃত এই দেশটির জনসংখ্যা প্রায় ১১ হাজার।
চলতি মাসে অস্ট্রেলিয়ার জলবায়ু ভিসা আবেদন শুরু হওয়ার পর এ পর্যন্ত ১,১২৪ জন নিবন্ধিত হয়েছে। আবেদনকারীদের পরিবারের সদস্যরা-সহ ভিসা প্রত্যাশীর সংখ্যা ৪,০৫২ জনে দাঁড়িয়েছে।
এ বছর ১৮ জুলাই পর্যন্ত ভিসার জন্য আবেদন করা যাবে। কর্মকর্তারা জানিয়েছেন ২০২৩ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে টুভ্যালুর ঘোষিত চুক্তি অনুযায়ী, আবেদনকারীদের মধ্য থেকে প্রতি বছর ২৮০ জনকে ভিসা দেওয়া হবে, যাতে দেশটি থেকে ‘ব্রেইন ড্রেইন’ না ঘটে।
জলবায়ু ভিসার আওতায় টুভ্যালুর নাগরিকরা অস্ট্রেলিয়ায় বাস করা, কাজ করা এবং পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি অস্ট্রেলীয় নাগরিকদের মতো স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধাও তারা ভোগ করবেন।
এই অভিবাসন টুভ্যালুর জন্য বাড়তি রেমিট্যান্সের পথ খুলে দিতে পারে, বলেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত তাপুগাও ফালেফোউ।
নাসার বিজ্ঞানীদের অনুমান, ২০৫০ সালের মধ্যে দেশটির প্রধান প্রবাল দ্বীপ ফুনাফুটির অর্ধেক জোয়ারে তলিয়ে যাবে। ওই দ্বপে দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিকের বাস।
সমুদ্রপৃষ্ঠ থেকে টুভ্যালুর গড় উচ্চতা ২ মিটার। গত তিন দশকে দেশটির সমুদ্রস্তর ১৫ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে, যা বৈশ্বিক গড়ের দেড়গুণ।
জোয়ারের ধাক্কা সামলাতে টুভ্যালু এ পর্যন্ত ১৭ একরের কৃত্রিম জমি তৈরি করেছে এবং তা আরও বাড়ানোর পরিকল্পনা করেছে। এতে ২,১০০ সাল পর্যন্ত টিকে থাকা যাবে বলে আশা করছে তারা।
