১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলিদের ধ্বংস করা বাড়িঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

তারা দেখছেন মাটির সঙ্গে মিশে গেছে বহুতল ভবন, রাস্তায় রাস্তায় পড়ে আছে কংক্রিটের খণ্ড আর দুমড়ে-মুচড়ে যাওয়া টিন।

ইসরায়েলিদের ধ্বংস করা বাড়িঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর হারাত হারিকে যেখানে অ্যাপার্টমেন্ট ভবন ছিল, আজ সেখানে কেবল পাহাড় সমান ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 04:01 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি দেশটির সাধারণ মানুষের মনে স্বস্তি আনলেও বাড়িঘরে ফিরে ধ্বংসযজ্ঞের যে ভয়াবহ চিত্র তারা দেখছেন তা ফেরার আনন্দকে ম্লান করে দিচ্ছে।

লেবাননি সংবাদ মাধ্যম নাহারনেট জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবশিত গ্রামে ফিরে আসা বাসিন্দারা দেখছেন মাটির সঙ্গে মিশে গেছে একের পর এক বহুতল ভবন, রাস্তায় রাস্তায় পড়ে আছে কংক্রিটের খণ্ড আর দুমড়ে-মুচড়ে যাওয়া টিন। যত্রতত্র ছিঁড়ে পড়ে আছে বিদ্যুতের তার। 

২৩ বছর বয়সী জয়নব ফাহাস বলেন, "ফিরে এসে নিজেকে মুক্ত মনে হচ্ছে। কিন্তু দেখুন, ওরা সব কিছু ধ্বংস করে দিয়েছে, আমাদের রাস্তা, বাড়িঘর, দোকানপাট, সব।"

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর হারাত হারিকে দেখা গেল ভিন্ন চিত্র। ৪৮ বছর বয়সী আহমেদ লাহহাম ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হিজবুল্লাহর হলুদ পতাকা ওড়াচ্ছিলেন। যেখানে তার অ্যাপার্টমেন্ট ভবন ছিল, সেখানেই হিজবুল্লাহর আর্থিক প্রতিষ্ঠান 'আল-কার্দ আল-হাসান'-এর একটি শাখা ছিল। আজ সেখানে কেবল পাহাড় সমান ধ্বংসস্তূপ। 

আহমেদ লাহহাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার চাপের ফলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার নিন্দা জানিয়ে তিনি বলেন, "শুধুমাত্র ইরানই আমাদের পাশে দাঁড়িয়েছে, আর কেউ নেই।" 

এ সময় তিনি লেবাননের বর্তমান সরকারকে ‘অপমানজনক নেতৃত্ব’অভিহিত করে ক্ষোভ উগরে দেন।

আরও পড়ুন: 

ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু