Published : 30 May 2026, 04:09 PM
বিশ্বখ্যাত কুং ফুর উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের একটি বৌদ্ধ মন্দিরের সাবেক প্রধানকে (অ্যাবট) অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের দায়ে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সাথে তাকে ৩৫ লাখ ইউয়ান (৫ লাখ ১৭ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে গত শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
চলতি বছরের মার্চ মাসে ৬০ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু শি ইয়ংজিন এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এর আগে গত বছরের জুলাই মাসে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল।
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শি ইয়ংজিন বিখ্যাত ‘শাওলিন টেম্পল’ বা শাওলিন মন্দিরে তার পদের অপব্যবহার করে গত প্রায় তিন দশক ধরে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ আদান-প্রদান করেছেন।
এই সময়ে তার আর্থিক অনিয়মের মোট পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি ইউয়ান।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবেন না বলে জানিয়েছেন।
গত বছরের জুলাই মাসে শাওলিন মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, অর্থ আত্মসাৎ এবং দীর্ঘ সময় ধরে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রেখে বৌদ্ধ ধর্মীয় অনুশাসন লঙ্ঘনের মতো অপরাধের অভিযোগে একাধিক সরকারি সংস্থা যৌথভাবে এই প্রধান ভিক্ষুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
তদন্ত চলাকালীনই ‘বৌদ্ধ অ্যাসোসিয়েশন অফ চায়না’ দ্রুত তার সন্ন্যাসী সনদ বা ধর্মীয় শংসাপত্র বাতিল করে।
গত শুক্রবার শি’র এই কারাদণ্ডের প্রতিক্রিয়ায় সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “তিনি নিজের কর্মের ফল ভোগ করছেন।”
১৯৮১ সালে বৌদ্ধ ভিক্ষু হওয়ার আগে শি ইয়ংজিনের নাম ছিল লিউ ইংচেং। তিনি ১৯৮৭ সাল থেকে এই মন্দিরের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ১৯৯৯ সালে এর প্রধান বা ‘অ্যাবট’ পদে অধিষ্ঠিত হন।