০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চীনের চিয়াংশি প্রদেশে ভূমিধসে এক মৃত্যু, নিখোঁজ ১১

ভূমিধসের পর থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

চীনের চিয়াংশি প্রদেশে ভূমিধসে এক মৃত্যু, নিখোঁজ ১১
চিয়াংশি প্রদেশের সুইছুয়ান কাউন্টির এক গ্রামে ভূমিধসের পর উদ্ধারকারীদের তৎপরতা। ছবি: দ্য স্টার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 07:53 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশি প্রদেশে ভূমিধসের এক ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। 

শনিবার স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে প্রদেশটির সুইছুয়ান কাউন্টির এক গ্রামে ঘটনাটি ঘটে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  

কাউন্টিটির বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদরদপ্তরের বরাত দিয়ে চায়না ডেইলি ডটকম জানিয়েছে, টাইফুন সাউদেলের প্রভাবে কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।  

দুর্যোগের পর থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আর ভূমিধস ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই বিপর্যয়ের পর চিয়াংশি প্রদেশের দুর্যোগ প্রতিরোধ, প্রশমণ ও ত্রাণ বিষয়ক কমিটি শনিবার দুপুরে তৃতীয় মাত্রার প্রাদেশিক জরুরি অবস্থা জারি করে। কারণ টাইফুন সাউদেলের কারণে প্রদেশটির এক লাখ ৬১ হাজার ৫০০ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের দুটি মন্ত্রণালয় ও জাতীয় দুর্যোগ কমিশনও চিয়াংশির জন্য চার মাত্রার দুর্যোগ মোকাবেলা জরুরি অবস্থা ঘোষণা করেছে।  

এমন পরিস্থিতিতে স্থানীয় দমকল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ৪১টি গাড়ি ও ২২৪ জন কর্মীকে নিয়োগ করেছে। উদ্ধারকাজে ড্রোনও মোতায়েন করা হয়েছে। চীনের চার ধাপের জরুরি সাড়া পদ্ধতি আছে। এরমধ্যে প্রথম মাত্রা সবচেয়ে গুরুতর পরিস্থিতি নির্দেশ করে।