২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সহায়তায় হোঁচট, যুদ্ধের তিন বছরপূর্তিতে খাদের কিনারে ইউক্রেইন

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেইনে সর্বাত্মক হামলা শুরু করে মস্কোর সেনারা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এ সংঘাতের সূচনা করেছিল।

যুক্তরাষ্ট্রের সহায়তায় হোঁচট, যুদ্ধের তিন বছরপূর্তিতে খাদের কিনারে ইউক্রেইন
যুদ্ধক্ষেত্রে নজরদারি ড্রোন হাতে ইউক্রেইনের এক সেনা। ছবি রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 04:49 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

রুশ বাহিনীর অগ্রগতি থামাতে মাটি কামড়ে পড়ে থাকা ইউক্রেইনীয় বাহিনী এখন বেশ ক্লান্ত, তাও এমন এক সময়ে যখন কিইভ তার সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের ওপর সামনের দিনগুলোতে আর নির্ভর করা যাবে কি না তা নিয়ে একধরনের অনিশ্চয়তায় ভুগছে। 

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেইনে সর্বাত্মক হামলা শুরু করে মস্কোর সেনারা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যে সংঘাতের সূচনা করেছিল, সোমবার তা চার বছরে গড়াল। 

এই বর্ষপূর্তির সপ্তাহখানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অজনপ্রিয় স্বৈরশাসক’ অ্যাখ্যা দিয়ে বলেছিলেন, দেশ হারাতে না চাইলে তার (জেলেনস্কি) উচিত দ্রুত রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করা।

ইউক্রেইনের রাষ্ট্রপ্রধান এর প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ‘অপতথ্যের বুদবুদের’ মধ্যে বাস করছেন।

দুইজনের এই কথার লড়াইয়ের মধ্যেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। 

সেই বৈঠকে কিইভ ও তার ইউরোপের মিত্ররা ডাক না পাওয়ায় এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগরের ওপারের এ যুদ্ধ নিয়ে তার নীতি বদলে ফেলেছে।  

শান্তি চুক্তি হলেও নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ওয়াশিংটন যে ইউক্রেইনে কোনো সেনা পাঠাবে না, কিইভকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তেমনটা হলে পুরো দায় চাপবে ইউরোপের ঘাড়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াও তারাও এ দায়িত্ব কতটুকু পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছেই।  

পরিস্থিতি বুঝে জেলেনস্কি ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গড়ার তাগিদ দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে বলেছেন ‘বাস্তববাদী’ হতে। সমর্থনের পরিমাণ বাড়াতে এবং এগিয়ে যাওয়ার পথ বের করতে শুক্রবার থেকে অন্তত কয়েক ডজন ফোন কলে কথা বলেছেন, বেশিরভাগই ইউরোপের নেতাদের সঙ্গে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার প্রথম মাসেই হতভম্ব হয়ে যাওয়া এ ইউরোপীয় নেতাদের অনেকেই যুদ্ধের বর্ষপূর্তিতে কিইভ গিয়ে জেলেনস্কির সঙ্গে দেখা করে সংহতি জানাবেন বলে অনুমান করা হচ্ছে। 

তিন বছরের এই যুদ্ধ এরই মধ্যে ইউক্রেইনের হাজারো নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে, শরণার্থীতে পরিণত করেছে ৬০ লাখের বেশি মানুষকে। 

দুই পক্ষের সামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বিপুল, যদিও কেউই তার পূর্ণাঙ্গ খতিয়ান প্রকাশ করছে না। নানা ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পশ্চিমা বিভিন্ন সূত্র ক্ষয়ক্ষতি নিয়ে আলাদা আলাদা অনুমান হাজির করছে। তবে বেশিরভাগেরই ধারণা, যুদ্ধে দুই পক্ষেই লাখ লাখ সেনা হতাহত হয়েছে।

শোক ইউক্রেইনের কোণে কোণে থাকা পরিবারগুলোর ছুঁয়ে ফেলেছে; বড় শহর ও দূরবর্তী গ্রামগুলোতে সামরিক জানাজা এখন সাধারণ দৃশ্য। অবিরাম বিমান হামলার সতর্ক সংকেতে রাতের পর রাত নির্ঘুম কাটানো মানুষেরা হয়ে পড়ছে ধৈর্যহারা।

‘তারা ক্লান্ত হয়ে পড়েছে’

যুদ্ধক্ষেত্রে, ইউক্রেইনীয় সেনাদের লড়তে হচ্ছে সংখ্যা-প্রযুক্তিতে তাদের চেয়ে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্তিমিত বা একেবারে বন্ধ হয়ে গেলে পরিস্থিতি কী দাঁড়াবে, ওই শূন্যস্থান ইউরোপীয়রা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে এখনই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

পূর্বাঞ্চলে যুদ্ধ করা স্পার্টান ব্রিগেডের একটি সেনা পুনর্গঠন কেন্দ্রে চিকিৎসকদলের প্রধানের দায়িত্ব পালন করা এভেন কোলোসভ জানান, সেনারা মানসিকভাবে বেশ ক্লান্ত। 

“তারা যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু সত্যিটা হচ্ছে, যারা প্রথম দিন থেকে যুদ্ধ করছে তারা ক্লান্ত, শরীরের চেয়েও মনের দিক থেকে বেশি ক্লান্ত। এটা কঠিন, তবে এটা তো যুদ্ধও, কে বলেছে এটা সহজ হবে?,” বলেছেন তিনি। 

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা পাভলো ক্লিমকিনের মতে, জেলেনস্কির উচিত এখন ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত মিত্রতা টিকিয়ে রাখার চেষ্টা করা, সঙ্গে ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদার করা। পাশাপাশি চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে তার।

ট্রাম্প উল্টোপাল্টা বললেও ওয়াশিংটনের সঙ্গে কিইভের সম্পর্ক তিক্ততার পর্যায়ে পৌঁছেছে বলেও মনে করেন না ক্লিমকিন।  

“ঘূর্ণিঝড় থাকে না, চলে যায়, কিন্তু এটি যেন হাওয়া না পায় তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ,” বলেছেন তিনি। 

তার ধারণা, ইউক্রেইন চলতি বছর ন্যায্য ও টেকসই ধরনের কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে না, তবে যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে। 

জেলেনস্কির দলের সাংসদ ওলেকসান্দর মেরেঝকো বলছেন, ট্রাম্প সমর্থকদের মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন আন্দোলনসহ সম্ভব সব পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিইভের যোগাযোগ জোরদার করতে হবে। 

ওয়াশিংটনের চোখ পড়েছে ইউক্রেইনের খনিজ সম্পদের দিকেও। তারা বলছে, যুক্তরাষ্ট্র এতদিন ধরে যে শত শত কোটি ডলারের সহযোগিতা দিয়েছে তার বদলে ইউক্রেইন তার খনিজ সম্পদের মালিকানার একটি অংশ ওয়াশিংটনকে দিক।

চলতি মাসের ‍শুরুর দিকে এ সংক্রান্ত প্রাথমিক খসড়া চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হননি জেলেনস্কি। চুক্তিতে ইউক্রেইনের স্বার্থ দেখা হয়নি এবং আকাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চয়তার কথা নেই বলে সেসময় জানিয়েছিলেনও তিনি। 

তবে শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তারা এ সংক্রান্ত একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। যদিও চুক্তিতে কী কী শর্ত থাকছে তা এখনও অজানা।  

রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, কিইভ চুক্তিতে রাজি না হলে তাদের স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থাপনা বিচ্ছিন্ন করে দেওয়া হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, বাধ্য হয়েই রাজি হতে হয় ইউক্রেইনকে। স্টারলিংক কিইভের সামরিক সক্ষমতায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  

“আমাদের দরকার খেলাটা ঠিকঠাক খেলা। একদিকে নিজেদের স্বার্থ ছাড়া যাবে না, অন্যদিকে ট্রাম্পকেও সমর্থন করে যেতে হবে,” বলেছেন পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধানের দায়িত্ব পালন করা মেরেঝকো। 

ট্রাম্প ইউক্রেইনকে যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজনেও চাপ দিচ্ছেন। রাশিয়াও এখন জেলেনস্কিকে ইউক্রেইনের বৈধ প্রতিনিধি মনে করে না।

যে নির্বাচনে জেলেনস্কি প্রেসিডেন্ট হয়েছিলেন, তার মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের মে-তে। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেইনে জরুরি অবস্থা জারি আছে, যাকে ঢাল বানিয়ে কোনো নির্বাচন করছে না জেলেনস্কির সরকার।

অবশ্য ইউক্রেইনের প্রেসিডেন্ট রোববার বলেছেন, তার দেশকে নেটোতে অন্তর্ভুক্ত করা হলে তিনি পদ ছেড়ে দিতে রাজি।