হরমুজে নৌ-অবরোধ পুনর্বহালের ঘোষণা ট্রাম্পের, ২০ শতাংশ টোল আদায়ের পরিকল্পনা
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “হরমুজ প্রণালি খোলা আছে, থাকবে। ইরান থাক বা না থাক, আমরা ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহাল করছি।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জাহাজের ওপর পুনরায় মার্কিন নৌ-অবরোধ বহাল করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে এই প্রণালি দিয়ে যাতায়াত করা সব পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আদায় করা হবে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান। যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করে জোর দিয়ে বলেছিল, এই প্রণালি খোলা আছে। তারপরই ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ-অবরোধ পুনর্বহাল করতে চলেছে।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “হরমুজ প্রণালি খোলা আছে এবং থাকবে। ইরান থাক বা না থাক, আমরা ইরানের জাহাজের ওপর নৌ অবরোধ পুনর্বহাল করছি।”
তিনি আরও বলেন, “বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার খরচের বিপরীতে এই প্রণালি দিয়ে পরিবাহিত সব পণ্যবাহী জাহাজকে ২০ শতাংশ হারে যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করতে হবে।”
ট্রাম্প জানান, এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
‘হরমুজের গার্ডিয়ান এঞ্জেল’:
এর আগে, ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রই সম্ভবত প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং অর্থও তাদের পাওয়া উচিত।
তিনি বলেন, “আমরা প্রণালিটির নিয়ন্ত্রণে রাখতে চলেছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা প্রণালিটির অভিভাবক হয়ে উঠব। হতে পারে আমরা একে প্রণালির গার্ডিয়ান এঞ্জেল বলব। আর এজন্য আমাদের খরচের অর্থ ফেরত পেতে হবে।”
ট্রাম্প আরও বলেন, “আমরা অর্থ আদায় করব, কারণ অন্য দেশগুলো খুবই ধনী। তারা আমাদের পক্ষে আছে। আমরা বিনা পারিশ্রমিকে এই দায়িত্ব পালন করতে পারি না।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তির আওতায় গত ১৮ জুন হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে থাকা মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হয় এবং বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়। তবে পরে এই যুদ্ধবিরতি ও সমঝোতা ভেঙে পড়ায় যুক্তরাষ্ট্র পুনরায় অবরোধ ঘোষণা করল।
