Published : 19 Mar 2026, 10:05 PM
‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ জোগাতে কংগ্রেসের কাছে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের বেশি বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরপ্তর পেন্টাগন। এই অর্থ ইরানের মোট জিডিপি-র প্রায় ৫০ শতাংশ।
এই যুদ্ধ তহবিল অনুমোদন পেলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু করা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান গতি পাবে এবং যুদ্ধে ব্যবহার হওয়া অস্ত্রের উৎপাদনও বাড়বে।
ইরানের শক্তি সামর্থ্য গুঁড়িয়ে দিতে ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের শুরু করা এই যুদ্ধ প্রায় তিন সপ্তাহ হতে চলল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের হিসাবমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ৭ হাজার ৮০০ টি নিশানায় হামলা চালিয়েছে। ৮ হাজারের বেশি যুদ্ধবিমান উড়িয়েছে এবং ১২০ টির বেশি ইরানি জাহাজ ধ্বংস করেছে।
ইরানে যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে ব্যয় করেছে ১ হাজার ১শ’ কোটি ডলারের বেশি।
বিশ্বের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, এখন অতিরিক্ত আরও ২০ হাজার কোটি ডলার মিলিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ খরচ ইরানের বার্ষিক জিডিপি’র অর্ধেকেরও বেশিতে দাঁড়াবে, ২০২৫ সালে যা ছিল ৩৫ হাজার ৬৫১ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির তথ্যমতে, কংগ্রেস এরই মধ্যে ২০২৬ সালের অর্থবছরের জন্য ৮৩ হাজার ৮৫০ কোটি ডলারের প্রতিরক্ষা তহবিল অনুমোদন করেছে।
এবার পেন্টাগন ইরান যুদ্ধের জন্য আরও ২০ হাজার কোটি ডলারের বেশি তহবিল কংগ্রেসে অনুমোদন করানোর জন্য হোয়াইট হাউজের কাছে অনুরোধ জানিয়েছে বলে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।
হোয়াইট হাউজ শেষ পর্যন্ত কত পরিমাণ অর্থের জন্য কংগ্রেসের আইনপ্রণেতাদের কাছে অনুমোদন চাইবেন তা এখনও স্পষ্ট নয়।
তবে পত্রিকার খবরে বলা হয়েছে, এই অর্থ অনুমোদনের অনুরোধ নিয়ে কংগ্রেসে বড় ধরনের রাজনৈতিক লড়াই শুরু হতে পারে। যেহেতু এই প্রচেষ্টায় জনগণের সমর্থন তেমন নেই এবং ডেমোক্র্যাটরাও এর তীব্র বিরোধী।