বতসোয়ানায় পাওয়া গেল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা
১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর বতসোয়ানায় পাওয়া এই হীরাটিই সবচেয়ে বড়।
বতসোয়ানার খনিতে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা পাওয়া গেছে, যেটি বিশ্বে এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন হীরার মধ্যে দ্বিতীয় বৃহত্তম।
বতসোয়ানায় কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটির সন্ধান পাওয়া যায়।
বিবিসি জানায়, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরার পর বতসোয়ানায় পাওয়া এই হীরাটিই সবচেয়ে বড়।
আগের কুলিনান হীরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলোই ব্রিটিশ রাজমুকুটে স্থান পেয়েছে।
এবারের হীরাটি বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পাওয়া গেছে।
দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।
বিশ্বে বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা উৎপাদন হয় তার ২০ শতাংশই আসে এ দেশটি থেকে।
হীরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর একটি।
হীরা কোম্পানিটির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, “আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেট হীরা খুঁজে পেয়ে আনন্দিত।” লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
তবে হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড।
