২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইসরায়েল বিমান হামলা বন্ধ করলে জিম্মিদের ত্রাণ দেওয়া অনুমোদন করবে হামাস

হামাস এক জিম্মির ভিডিও প্রকাশ করার পর তার কঙ্কালসার অবস্থা দেখে পশ্চিমা শক্তিগুলো তীব্র সমালোচনা শুরু করেছে।

ইসরায়েল বিমান হামলা বন্ধ করলে জিম্মিদের ত্রাণ দেওয়া অনুমোদন করবে হামাস
হামাস ইসরায়েলি এক জিম্মির কঙ্কালসার ভিডিও প্রকাশ করার পর তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েল কিছু শর্ত মানলে তারা গাজায় বন্দি জিমিদের ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছে। 

হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করার পর তার কঙ্কালসার অবস্থা দেখে পশ্চিমা শক্তিগুলো তীব্র সমালোচনা শুরু করলে হামাস ওই প্রস্তাব দেয়; জানিয়েছে রয়টার্স৬৬। 

রোববার তারা জানায়, রেড ক্রসের সঙ্গে যে কোনো সমন্বয় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের বিমান হামলা বন্ধ ও মানবিক করিডর স্থায়ীভাবে খুলে দেওয়ার উপর নির্ভর করছে।   

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গাজায় যে ৫০ জন জিম্মি থাকার কথা তাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন বলে তাদের বিশ্বাস। এসব জিম্মিদের কাছে মানবিক সংস্থাগুলোকে যেতে দিচ্ছে না হামাস। এসব জিম্মিদের পরিবার তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রায় কিছুই জানে না। 

শনিবার হামাস দুই দিনের মধ্যে ইসরায়েলি জিম্মি ইভায়াতার ডেভিডের দ্বিতীয় ভিডিও প্রকাশ করে। এই ভিডিওতে কঙ্কালসার ডেভিডকে একটি গর্ত খুড়তে দেখা গেছে। ভিডিওতে ডেভিড বলেছেন, তার নিজের কবরের জন্য এ গর্ত খুড়ছেন তিনি। 

তবে ভিডিওটির ফ্রেমের মধ্যে ডেভিডের দিকে খাবারের ক্যান বাড়িয়ে দেওয়া একটি হাতের আকৃতি স্বাভাবিক দেখা গেছে।    

ডেভিডের এই ভিডিও দেখে পশ্চিমা শক্তিগুলো ও আতঙ্কিত ইসরায়েলিরা সমালোচনা শুরু করে। পশ্চিমা যে দেশগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের মধ্যে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও আছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় বন্দি থাকা জিম্মিদের অবস্থার বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিশেষ অধিবেশন করবে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানান, সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের স্থানীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে আলাপ করার সময় তিনি রেড ক্রসকে জিম্মিদের মানবিক সহায়তা দেওয়ার অনুরোধ জানান।

এই প্রেক্ষাপটে হামাস জানায়, ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের বিমান হামলা বন্ধ ও মানবিক করিডর স্থায়ীভাবে খুলে দেওয়ার উপর নির্ভর করছে তারা রেড ক্রসকে জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে কি না।      

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরোধের কারণে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। অনাহার ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টার আরও ছয়জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে গাজায় মোট ১৬৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু ৯৩ জন।  

অপরদিকে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।