Published : 27 Jan 2026, 02:27 PM
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে চাপা পড়া ২৩ সেনার নিশ্চিত মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোরে একদিন আগে থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির মধ্যে বান্ডুং বারা জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। এই গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপূর্বে পশ্চিম জাভা প্রদেশের পাহাড়ি এলাকায় অবস্থিত।
মঙ্গলবার নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গুল জানান, নৌ-পদাতিক বাহিনীর (মেরিন) ওই সেনারা ইন্দোনেশিয়া-পাপুয়া নিউ গিনি সীমান্ত টহলে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে।
তুঙ্গুল বলেন, “ভারি বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রশিক্ষণ স্থলে ভূমিধসের ঘটনাটি ঘটে।”
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত ওই ভূমিধসে মৃত্যুর সংখ্যা ১৭ থেকে ২০ জনে দাঁড়ায় আর আরও ৪২ জন তখনো নিখোঁজ ছিলেন।
রয়টার্স লিখেছে, এই সংস্থাটি যাদের মৃত বলে ঘোষণা করেছে তাদের মধ্যে ওই সেনারাও আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাতে ঘটনাস্থল পাসির লাঙ্গুতে অন্তত ৮০০ জন উদ্ধারকর্মী, সামরিক ও পুলিশ সদস্য এবং নয়টি এক্সকাভেটর মোতায়েন করা হয়েছে।
মুহারি জানান, পাসির লাঙ্গু গ্রামের ৬৮৫ জন বাসিন্দাকে সরিয়ে স্থানীয় সরকারি ভবনগুলোতে নিয়ে রাখা হয়েছে।
জাভা দ্বীপে ঘোর বর্ষার মধ্যে ভূমিধসের এ ঘটনাটি ঘটল। গত সপ্তাহে রাজধানী জাকার্তা ও অন্য কয়েকটি শহরসহ পশ্চিম ও মধ্য জাভার বিভিন্ন অংশে বন্যা হয়েছে।
এর দুই মাস আগে ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে সুমাত্রা দ্বীপে ১২০০ জন নিহত, বহু ঘরবাড়ি ধ্বংস ও ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।