দিল্লির বিস্ফোরণে দোষীদের কাউকে ছাড়া হবে না: মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরকালে দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে একথা বলেন। দোষীদের সবাইকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে ঘটনায় দোষীদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার ভুটান সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিন সকালে দু’দিনের সফরে ভুটানে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়েও ভারতে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনা নিয়ে উদ্বেগ শোনা গেছে তার কণ্ঠে।
সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার সামনে সিগন্যালে দাঁড়ানো একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও ২০ জন আহত হন। আশপাশের কমপক্ষে ২২টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
ভুটানে মোদী বলেন, “আজ আমি ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। কাল সারারাত আমি সব কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলাম।
“তদন্তে পাওয়া তথ্য নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলো এই চক্রান্তের শিকড় পর্যন্ত যাবে। যারা এর জন্য দায়ী, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।”
বিস্ফোরণের কারণ কী তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি ভারত। পুলিশ বলছে, বিস্তারিত তদন্তের পরই এ বিষয়ে জানানো হবে। তবে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে এটা স্পষ্ট যে, আপাতত ঘটনাটিকে নাশকতা বলেই মনে করা হচ্ছে।
পুলিশের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সংস্থা ঘটনার তদন্ত করছে। বিস্ফোরণ ঘটা গাড়িটির মালিক মহম্মদ সালমানকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার জেরার জন্য আটক করা হয়েছে আরও ৪ জনকে।
তবে তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তারা বিস্ফোরণের সঙ্গে জড়িত কি না, তাও স্পষ্ট নয়। রয়টার্স লিখেছে, অত্যন্ত কড়া প্রহরাধীনে থাকা রাজধানী শহর দিল্লিতে এটি একটি বিরল বিস্ফোরণের ঘটনা।
এ ঘটনার জেরে ভারতের বেশ কয়েকটি রাজ্য ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেছেন, ‘সব দিক’ বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছবে।
