১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ

পেরিম দ্বীপটি ‘মায়ুন’ নামেও পরিচিত। দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালিকে দুটি ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে পশ্চিম ভাগটি আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যবহৃত হয়।

ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ
হুতি যোদ্ধারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 11:27 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী যোদ্ধারা লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন  স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা।

পেরিম দ্বীপটি ‘মায়ুন’ নামেও পরিচিত। দ্বীপটি বাব আল মান্দেব প্রণালিকে দুটি ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে পশ্চিম ভাগটি আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যবহৃত হয়।

পেরিম দ্বীপের স্থানীয় সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “গতকাল ইয়েমেনের সরকারি বাহিনী দ্বীপটি ছেড়ে যাওয়ার পর অস্ত্রধারী হুতি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌকা মায়ুন দ্বীপে পৌঁছায়।”

এর আগে হুতিরা পেরিমে পৌঁছে গেছে বলে খবর পাওয়া গিয়েছিল। পরে তাদের দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার এই খবর এল।

এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য যে কোনও দেশ বা কোম্পানির জাহাজ লোহিত সাগর ও এর আশপাশের জলসীমায় নিরাপদভাবে চলাচল করতে পারবে।

ওদিকে, সৌদি আরবের জাহাজগুলোর ওপর যে হুতি নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল, সেটি এখনও বহাল আছে এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে হুতিরা তাদের অভিযান সফল বলে দাবি করেছে। তবে তারা পেরিম দ্বীপের কথা উল্লেখ করেনি। হুতিরা আরও দাবি করেছে যে, তারা ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে 'সৌদি-সমর্থিত বাহিনীকে' বিতাড়িত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের ওপর নির্ভর করছে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ইয়েমেনের পশ্চিম উপকূলে এই দ্রুত অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিন সালমান সম্প্রতি কয়েকদিনে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে ট্রাম্প কিছু করতে রাজি হননি বলে সিবিএস নিউজ-কে জানিয়েছেন এ বিষয়ে অবগত দুইজন।