১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু

বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এ নৌপথে এক দশকে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন ৩,৪০০ জনের বেশি মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 09:44 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বৈরী আবহাওয়ার মধ্যে রোববার ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অর্ধ শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় দেড়শ যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ান উপকূলে উল্টে যায়। সেখান থেকে মাত্র ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি লিখেছে, কাজের সন্ধানে হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় আরব দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে রয়ে গেছে। আইওএমের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত অভিবাসী নৌকাডুবিতে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ ইসভ জানান, দক্ষিণাঞ্চলীয় জেলা খানফারের তীরে ৫৪ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতাল মর্গে ১৪ জনের লাশ নেওয়া হয়েছে।

আবিয়ান নিরাপত্তা ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে এবং সাগর তীরে বড় এলাকা জুড়ে অনেকের লাশ পাওয়া গেছে।

আইওএমের একজন মুখপাত্র বলেছেন, হৃদয়বিদারক এ প্রাণহানির ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং অভিবাসীদের জন্য আরো নিরাপত্তার ওপর জোর দিয়েছেন।

সংস্থাটি বলছে, “আরও কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা কতটা জরুরি তা এ হৃদয়বিদারক ঘটনা দেখিয়ে দিয়েছে; বিশেষ করে অসাধু দালালরা যখন অভিবাসীদের দুর্বলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাদের বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়।”

আইওএম বলছে, হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন পর্যন্ত যাত্রাপথ ‘বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথগুলোর একটি’।

চলতি বছরের মার্চে ইয়েমেনের ধুবাব জেলার উপকূলে ১৮০ জনের বেশি অভিবাসী বহনকারী দুটি নৌকা বৈরী আবহাওয়ায় ডুবে যায়। তাদের মধ্যে কেবল দুজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, আর বাকি সবাই নিখোঁজ ও মৃত বলে ধারণা করা হয়।

ইয়েমেনের অভিবাসন সহায়তা কেন্দ্রে পৌঁছানো অভিবাসীদের বরাতে আইওএমের এক প্রতিবেদনে জানিয়েছে, উপকূল রক্ষীদের নজর এড়াতে দালালরা ইচ্ছাকৃতভাবে নৌকাগুলোকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পাঠাচ্ছে।

এই ঝুঁকির কথা জেনেও অনেক অভিবাসী এখনও এই পথ ধরে যাত্রা করছেন। কেবল ২০২৪ সালে ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে।

আইওএমের ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ এর তথ্য অনুযায়ী, গত এক দশকে এ পথে ৩,৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১,৪০০ জনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে।