২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা ফি বাড়িয়েছেন ট্রাম্প: মেধা টানতে চীনের ‘কে ভিসা’, সচেষ্ট যুক্তরাজ্যও

সম্প্রতি কয়েকবছরে চীন ভিসার নিয়ম সহজ করেছে। এবার আরও বেশি সুযোগ-সুবিধার নতুন ভিসা চালু করছে দেশটি।যুক্তরাজ্য চাইছে মেধাবীদের ভিসা ফি তুলে দিতে।

ভিসা ফি বাড়িয়েছেন ট্রাম্প: মেধা টানতে চীনের ‘কে ভিসা’, সচেষ্ট যুক্তরাজ্যও
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 11:09 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত ১ লাখ ডলারের নতুন ভিসা ফি নিয়ে যখন আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে, তখন চীন এর ফায়দা তুলতে মেধাবী বিদেশিদের জন্য নতুন ভিসানীতি কার্যকর করতে চলেছে। বিদেশি মেধা টানতে সচেষ্ট হচ্ছে যুক্তরাজ্যও। মেধাবীদের জন্য ভিসা ফি তুলে দেওয়ার কথা ভাবছে তারা।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, চীন আগামী ১ অক্টোবর থেকেই নতুন ‘কে ভিসা’ কার্যকর করতে চলেছে। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রতিভাবানদের যুক্তরাষ্ট্র নয়, বরং বেইজিংয়ে স্বাগত জানাতে চাইছে শি জিনপিং সরকার।

চীনের ‘কে ভিসা’ যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের জন্যও উন্মুক্ত থাকবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত প্রশাসনিক বিধি সংশোধনের সিদ্ধান্তে সইও করে ফেলেছেন।

‘কে ভিসা’র শর্তাবলী:

চীনের কে ভিসার জন্য আবেদন জানানোর নিয়ম অনেকটা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার মতো।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিতে মেধাবী বিদেশি তরুণরা, যারা চীন বা বিশ্বের যে কোনও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক করেছেন বা পেশায় আছেন, তাদের প্রত্যেকেই এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষকতা কিংবা গবেষণামূলক কাজে জড়িতরাও আবেদন করতে পারবেন। চীন এত দিন বিভিন্ন দেশের নাগরিকদের মোট ১২ রকমের ভিসা দিত। ‘কে ভিসা’ এসব ভিসা থেকে আলাদা। 

কে ভিসায় সুবিধা থাকবে অনেক বেশি—প্রবেশের সংখ্যা, মেয়াদ ও অবস্থানকাল—সবকিছুতেই ছাড় পাওয়া যাবে। কে ভিসার মেয়াদ প্রয়োজন মতো বাড়ানো যাবে।

চীনে প্রবেশের পর কে ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিনিময় কার্যক্রমে অংশ নিতে পারবেন, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসা ও উদ্যোক্তা কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন। যোগ দিতে পারবেন চীনের সাংস্কৃতিক পরিমণ্ডলেও।

আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শর্ত থাকলেও কে ভিসার ক্ষেত্রে অভ্যন্তরীন নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র লাগবে না। অর্থাৎ, অন্য ভিসার ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা বিদেশি কর্মীকে আমন্ত্রণ জানায়। কে ভিসায় এর প্রয়োজন পড়বে না। 

চীনের বক্তব্য:

বেইজিং জানিয়েছে, দেশের উন্নয়নে বিশ্বব্যাপী প্রতিভার অংশগ্রহণ প্রয়োজন এবং চীনের অগ্রযাত্রা তাদের জন্যও সুযোগ তৈরি করবে।

সরকারি কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেন, নতুন এই সিদ্ধান্ত চীনের কর্মী উন্নয়ন কৌশল বাস্তবায়ন, বিদেশি তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রবেশ সহজতর করা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

প্রতিভা আকর্ষণের কৌশল:

সাম্প্রতিক বছরগুলোতে ভিসা নীতিকে সহজ করে আন্তর্জাতিক বিনিময় বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই চীন ‘কে ভিসা’ চালুর এ পদক্ষেপ নিয়েছে।

এ বছরের জুলাইয়ের শেষ নাগাদ চীন একতরফা ভিসামুক্ত প্রবেশ বা পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করেছে ৭৫টি দেশের সঙ্গে।

ভিসা শিথিলতার ফলে, বিশেষত ভিসামুক্ত ভ্রমণ কর্মসূচি সম্প্রসারণের কারণে, চীনে বিদেশিদের আগমন বেড়েছে। 

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশি নাগরিকরা চীন থেকে বা চীনে মোট ৩ কোটি ৮ লাখ ৫ হাজার বার ভ্রমণ করেছে—যা আগের বছরের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। 

এর মধ্যে ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার বার ভিসামুক্ত প্রবেশ ঘটেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি।

চিন্তা-ভাবনায় যুক্তরাজ্যও:

যুক্তরাষ্ট্রের ভিসা-ফি বাড়ানোর সুযোগে বিদেশের মেধা টানতে চাইছে যুক্তরাজ্যও। 

‘ফিনানসিয়াল টাইম্‌স’ পত্রিকা জানিয়েছে, বিশ্বের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা বা উল্লেখযোগ্য পুরষ্কার জেতা বিদেশিদের জন্য ভিসা ‘ফি’ তুলে দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

প্রস্তাবটি সরকার অনুমোদন করলেই ওই যোগ্যতা থাকা যে কেউ কোনও অর্থ ছাড়াই যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে এটি হবে এক বড় ধরনের পরিবর্তন।

মার্কিন ভিসা ফি বৃদ্ধি:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণামতে, ২১ সেপ্টেম্বরের পর জমা পড়া সব নতুন এইচ-১বি ভিসা আবেদন, যার মধ্যে ২০২৬ অর্থবছরের লটারি আবেদনও আছে, সেগুলোতে ১ লাখ মার্কিন ডলারের নতুন ফি দিতে হবে। 

ট্রাম্প এটিকে “আমেরিকান চাকরি ও জাতীয় নিরাপত্তা সুরক্ষার প্রচেষ্টা” হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি চালু করেছেন “ট্রাম্প গোল্ড কার্ড” ভিসা কর্মসূচি, যেখানে ১০ লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ (ইউএসসিআইএস) তাদের এক ‘এইচ-১বি এফএকিউ’ নথিতে বলেছে, এই প্রোক্লেমেশন “অপব্যবহার রোধ ও আমেরিকান শ্রমিকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ, প্রাথমিক ও ধাপে ধাপে নেওয়া পদক্ষেপ।”

এতে বলা হয়, “২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ভোর ১২টা ১ মিনিটের পর জমা দেওয়া যে কোনও নতুন এইচ-১বি ভিসা আবেদনের সঙ্গে ১ লাখ ডলার ফি জমা দিতে হবে।” 

এর মধ্যে ২০২৬ সালের লটারি আবেদন এবং ওই তারিখের পরের সব নতুন আবেদন অন্তর্ভুক্ত। মার্কিন স্নাতকোত্তর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এইচ-১বি ভিসা মূলত পড়াশোনা শেষে দেশটিতে থাকার একটি প্রধান পথ।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর অনুমোদিত এইচ-১বি ভিসার ৭১ শতাংশই পেয়েছিল ভারতীয়রা; দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অংশ ছিল মাত্র ১১ দশমিক ৭ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ হাজার হাজার তরুণ পেশাজীবীকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার স্বপ্ন ছেড়ে বিকল্প পথ খুঁজতে বাধ্য করবে।