২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সক্রিয় গোপন সংগঠন ‘আল-মাজদ ইউরোপ’

এই সংগঠনটি ফিলিস্তিনি পরিবারগুলোকে বাসে করে ইসরায়েলের রামোন বিমানবন্দরে নিয়ে যায়। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় অন্য কোনও গন্তব্যে।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সক্রিয় গোপন সংগঠন ‘আল-মাজদ ইউরোপ’
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফিলিস্তিনি যাত্রীদের নিয়ে পৌঁছায় একটি উড়োজাহাজ।  ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

গাজায় দু’বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের অভিযানে ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে মানবেতর দিন কাটাচ্ছে লাখো ফিলিস্তিনি। অন্যদিকে, এখনও ভূখণ্ডটিতে মানবিক সহায়তা পূর্ণ প্রবেশাধিকার না পাওয়ায় ক্ষুধা আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত অসহায় ফিলিস্তিনিরা।

এমন অবস্থায় গাজার ফিলিস্তিনিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে অন্য দেশে পাঠাতে কাজ করছে 'আল-মাজদ ইউরোপ' নামের গোপন একটি সংগঠন। এই সংগঠনটি ফিলিস্তিনি পরিবারগুলোকে বাসে করে ইসরায়েলের রামোন বিমানবন্দরে নিয়ে যায়। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় অন্য কোনও অজ্ঞাত গন্তব্যে।

এই রহস্যময় গোপন সংগঠনের মাধ্যমে গাজা ছেড়ে যাওয়ার কথা সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন এক ফিলিস্তিনি। তিনি জানান, কোনওরকম কাগজপত্র ছাড়াই ১৫৩ জন ফিলিস্তিনিকে এভাবে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। ফিলিস্তিনিদেরকে গাজা ছাড়তে উৎসাহিত করতেই চলছে এই প্রক্রিয়া।

নিরপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এই ফিলিস্তিনি বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর এই প্রক্রিয়ায় আল-মাজদ ইউরোপ এবং ইসরায়েলি সেনাবাহিনীর ‘শক্তিশালী সমন্বয়’ আছে।

তিনি জানান, প্রক্রিয়াটি নিয়মিতই চলছে বলে মনে হয়েছে। বাসে ওঠানোর আগে ব্যক্তিগত জিনিসপত্রও পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। এরপর বাসটি দক্ষিণ গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত কারেম আবু সালেম ক্রসিং হয়ে দক্ষিণ ইসরায়েল এবং রামোন বিমানবন্দরে যায়।

“রামোন বিমানবন্দরে ফিলিস্তিন রাষ্ট্রের কোনও স্বীকৃতি ইসরায়েলের না থাকায় তারা আমাদের পাসপোর্টে কোনও ছাপ লাগায় না,” বলেন এই ফিলিস্তিনি।

তার কথায়, ফিলিস্তিনিদের দলটিকে কেনিয়ায় নিয়ে যায় একটি রোমানিয়ান বিমান। কেনিয়া ছিল ট্রানজিট। কেনিয়া কর্তৃপক্ষ এবং আল-মাজদ সংগঠনের মধ্যে সমন্বয় হয়েছিল বলে মনে হয়েছে। কোনও যাত্রীই জানত না তাদেরকে শেষ পর্যন্ত কোন দেশে নেওয়া হবে।

গাজা থেকে অন্তত তিনজন এই কাজের সমন্বয় করছিল। অন্যদিকে, ইসরায়েলের কয়েকজন ফিলিস্তিনি নাগরিক বাকি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করছিল গাজার বাইরে থেকে।

দক্ষিণ আফ্রিকায় যাওয়া ওই ফিলিস্তিনি জানান, প্রথমে একটি লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছিল। এরপর সিকিউরিটি স্ক্রিনিং ধাপ শেষ হলে, ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠানো হয়। তিনি তার পরিবারের দুই সদস্যসহ গাজা ছাড়তে ৬ হাজার ডলার দিয়েছিলেন।

গত শুক্রবারের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হওয়া ফিলিস্তিনিদের প্রত্যেককে ১,৫০০ থেকে ৫,০০০ ডলার দিতে হয়েছে। যাত্রাপথে শুধু একটি ফোন, ব্যাকপ্যাক আর কিছু অর্থ নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তারা।

ওদিকে, ফিলিস্তিনিদের দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্টও। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ফিলিস্তিনি ফ্লাইট দক্ষিণ আফ্রিকায় আসার তথ্য পেয়েছি। তারা কীভাবে এসেছে তা জানার চেষ্টা করছি। তবে আমরা তাদেরকে ফেরত পাঠাব না।’

রহস্যময় অভিযান:

আল-মাজদ ইউরোপ ফিলিস্তিনিদেরকে বেসরকারি চ্যানেল ব্যবহার করে স্থানান্তর করছে। এই চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কাজ সহজ করে দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।

গাজা ছাড়ার জন্য ফিলিস্তিনিদের কাছে অর্থ দাবি করছে সংগঠনটি। তবে এই কার্যক্রমের পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। সংগঠনটি দাবি করেছে, ২০১০ সালে জার্মানিতে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। 

কিন্তু সংগঠনটির ওয়েবসাইটের নিবন্ধন হয়েছে কেবল এবছর। সংগঠনটির ওয়েবসাইটে কেবল কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা নির্বাহীদের ছবি আছে। তাদের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্য কোনও বিস্তারিত তথ্য নেই।

ওয়েবসাইটটিতে কোনও কার্যালয়ের অবস্থানও দেওয়া নাই। আল-জাজিরা হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজে উমর নামে পরিচয় দেওয়া আরেক ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে।

এই ফিলিস্তিনি জানান,আল-মাজদ ইউরোপের এক প্রতিনিধি তাকে গাজা ছাড়ার ফ্লাইটের জন্য প্রাথমিকভাবে জনপ্রতি ২৫০০ ডলার ডাউন পেমেন্ট দেওয়ার কথা বলেন এবং পাসপোর্ট ও জন্মসনদ সংগ্রহ করতে বলেন। 

তবে পরে তিনি একা ভ্রমণ করতে চাওয়ায় তার অনুরোধ বাতিল করে সংগঠনটি। কেননা, কেবল পরিবারসহ যারা গাজা ছাড়তে চায় তাদের জন্যই কাজ করে আল-মাজদ ইউরোপ।

গাজার মধ্যাঞ্চল আজ-জাওয়াদা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ কুন্দ্রে বলেন, গাজার ফিলিস্তিনিরা এই অভিযান সম্পর্কে আরও বেশি জানতে পারছে এবং কেউ কেউ বিষয়টি বিবেচনা করতেও বাধ্য হচ্ছে সেখানকার ‘অসহনীয় পরিস্থিতির’ কারণে।

গাজার শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। সে কারণেও কিছু ফিলিস্তিনি মনে করছেন সেখানে তাদের এবং তাদের সন্তানদের কোনও ভবিষ্যৎ নেই।

ইসরায়েলের সেনাবাহিনীও গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের এই প্রক্রিয়ায় সহায়তা করার কথা স্বীকার করেছে। তাদের কথায়, ‘স্বেচ্ছায় প্রস্থান’ নীতির অংশ হিসাবেই একাজ করা হচ্ছে। এতে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও সমর্থন আছে।

ইসরায়েলের সেনাবাহিনী এই নীতি আরও এগিয়ে নিতে গত মার্চে একটি ইউনিট প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর তারা ইউনিটটি প্রতিষ্ঠা করে।

মানবাধিকারকর্মীরা বলছে, আল মাজদ-ইউরোপের ফিলিস্তিনি স্থানান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসরায়েল আসলে গাজা থেকে তাদের ফিলিস্তিনি জাতিগত নির্মূল কর্মসূচিই এগিয়ে নিচ্ছে।