১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামাবাদে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইসলামাবাদে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে আগুন লাগার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে একটি অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 01:00 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। 

বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এর গাইনোকোলজি ওয়ার্ডে ঘটনাটি ঘটে, খবর পাকিস্তানি গণমাধ্যমের। 

ইসলামাবাদের প্রশাসন এক বিবৃতিতে বলেছে, মা ও শিশু হাসপাতালটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল হাজির হয়েছে। দমকলের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।  

রয়টার্স লিখেছে, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

হাসপাতালটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল, তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতালের একজন চিকিৎসক শিশুটিকে উদ্ধার করেছেন। 

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে একজন কর্মী জানালার ভাঙা কাঁচের টুকরো সরিয়ে নিচ্ছেন। ছবি: রয়টার্স

অগ্নিকাণ্ডের পর হাসপাতালে একজন কর্মী জানালার ভাঙা কাঁচের টুকরো সরিয়ে নিচ্ছেন

উদ্ধারকারী সূত্রগুলো জিও নিউজকে জানিয়েছে, স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটের দিকে নার্সারির ভেতরে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। 

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল সংবাদ মধ্যমটিকে বলেছেন, “আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো হাসপাতাল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।” 

তিনি জানান, এ পর্যন্ত ১৪টি শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগুনে ১৪টি শিশু সম্পূর্ণ দগ্ধ হয়ে গেছে।   

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে আর দমকল কর্মীরা সবকিছু ঠাণ্ডা করার কাজ করছেন। 

ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত সহকারী কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। 

ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) নগরীটির অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখানে কয়েকদিন রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।