সিংহের অভয়ারণ্য থেকে পাঁচ দিন পর বেঁচে ফিরল বালক
হিংস্র জন্তু ভরা জঙ্গল থেকে সাত বছরের শিশুর অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার পাওয়ার বিষয়টি বিস্ময় সৃষ্টি করেছে।
আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে সিংহ ও হাতির একটি অভয়ারণ্যে পাঁচ দিন একা একা থাকার পর উদ্ধার হয়েছে সাত বছরের একটি বালক। ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের মাতুসাডোনা গেম পার্কে।
হিংস্র জন্তুর এই পার্ক থেকে এত ছোট শিশুর অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার পাওয়ার বিষয়টি বিস্ময় সৃষ্টি করেছে।
জিম্বাবুয়ের ম্যাশোনাল্যান্ড ওয়েস্ট এর পার্লামেন্ট সদস্য (এমপি) মুতসা মুরোম্বেদজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনোটেন্ডা পুদু নামের ওই শিশু বাসা থেকে বের হয়ে হেঁটে প্রায় ২৩ কিলোমিটার দূরে ‘বিপদসঙ্কুল’ মাতুসাডোনা গেম পার্কে ঢুকে পড়েছিল।
“এরপর পাঁচ দিন ধরে শিশুটি পার্কের উঁচু পাথরের ওপর ঘুমিয়েছে। তার চারপাশে ছিল সিংহের গর্জন, হাতির চলাচল। এ কয়দিন সে বুনো ফল খেয়েছে,” বলেন এমপি মুতসা।
মাতুসাডোনা পার্কে প্রায় ৪০টি সিংহ আছে। আফ্রিকান পার্কসের হিসাবমতে, একসময় আফ্রিকার মধ্যে এটিই ছিল সিংহের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অভয়ারণ্য।
‘জিম্বাবুয়ে পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট অথরিটি’ বিবিসি-কে মাতুসাডোনা গেম পার্কের এই ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছে। তিনোটেন্ডা পুদু হেঁটে চলে গিয়েছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) দূরে।
বনাঞ্চলে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনোতেন্ডা পার্কটিতে বেঁচে চিল বলে জানিয়েছেন এমপি মুতসা। শিশুটি বুনো ফল খেয়ে ছিল এবং শুষ্ক নদীর তলদেশে কাঠি দিয়ে ছোট কূপ খুঁড়ে পানি সংগ্রহ করেছে। খরা-প্রবণ এলাকায় থাকা মানুষেরা এ কৌশলে পানি সংগ্রহ করে থাকে।
তিনোটেন্ডা নিখোঁজ হওয়ার পর স্থানীয় ন্যামিন্যিামি সম্প্রদায়ের মানুষরা প্রতিদিন ড্রাম বাজিয়ে তার হদিস পাওয়ার চেষ্টা করেছে। তবে পরে পার্কের রেঞ্জাররাই শিশুটিকে খুঁজে পায়।
নিখোঁজ হওয়ার পঞ্চম দিনে একটি রেঞ্জারের গাড়ির শব্দ শুনে সেদিকে ছুটে গিয়েছিল তিনোটেন্ডা। সে সময় গাড়িটি তাকে না দেখেই চলে যায়। তবে সৌভাগ্যক্রমে রেঞ্জারের গাড়িটি একই পথে ফিরে এসেছিল।
সে সময় ছোট শিশুর পায়ের ছাপ দেখতে পেয়ে রেঞ্জাররা অনুসন্ধান শুরু করেন। এরপর তিনোটেন্ডাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারা খোঁজ চালিয়ে যান। এমপি মুতসা বলেন, “জঙ্গলে পাঁচ দিন কাটানোর পর সম্ভবত এটিই তিনোটেন্ডার উদ্ধার পাওয়ার শেষ সুযোগ ছিল।”
মাতুসাডোনা গেম পার্ক প্রায় ১ হাজার ৪৭০ বর্গকিলোমিটার (৫৭০ বর্গমাইল) এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে সিংহ ও হাতি ছাড়াও জেব্রা, জলহস্তী এবং হরিণের মতো প্রাণী আছে।
এমন জায়গা থেকে বেঁচে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তিনোটেন্ডার সাহসিকতার প্রশংসা করছেন। একজন এক্সে লিখেছেন, ‘এটা বোঝার সাধ্য মানুষের নেই।’ আরেকজন লিখেছেন, ‘যখন সে স্কুলে যাবে, তখন দুর্দান্ত এক কাহিনী শোনাতে পারবে।”
