২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজা যুদ্ধবিরতির পরবর্তী পর্বের জন্য আলোচনা শুরু হচ্ছে সোমবার: নেতানিয়াহু

ইসরায়েল ও হামাসের মধ্যে জটিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তিন পর্বে এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কথা আছে।

গাজা যুদ্ধবিরতির পরবর্তী পর্বের জন্য আলোচনা শুরু হচ্ছে সোমবার: নেতানিয়াহু
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

রোববার ওয়াশিংটনের উদ্দেশে ইসরায়েল ছেড়ে যাওয়া নেতানিয়াহু সোমবার উইটকফের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।   

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে গাজা ও ইসরায়েলি জিম্মিদের নিয়ে আলোচনা করবেন। 

নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান নিয়ে আলোচনা করবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের অবস্থান নিয়ে কথা বলবেন। 

মিশর ও কাতারের এসব কর্মকর্তাই গত ১৫ মাস ধরে ওয়াশিংটনের সমর্থন নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা করে আসছেন। 

তাদের প্রচেষ্টায় জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে জটিল একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তিন পর্বে এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কথা আছে। এই যুদ্ধবিরতির প্রথম পর্ব কার্যকর হওয়ার পর থেকে গাজায় লড়াই বন্ধ হয়েছে। 

চুক্তি অনুযায়ী হামাস এ পর্যন্ত ১৮ জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার ও আটক কেন্দ্রগুলোতে বন্দি কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। 

এখনও গাজায় ৭০ জনেরও বেশি জিম্মি বন্দি আছে বলে রয়টার্স জানিয়েছে।