১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে যুদ্ধের শুরুর দিকে কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 10:43 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

ইরানে একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বেরোনো খবর নিশ্চিত করে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা।

তারা জানান, নিখোঁজ ক্রুদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভূপাতিত বিমানের পাইলটের খোঁজ করছে মার্কিন বাহিনী।

এখন পর্যন্ত উদ্ধার অভিযানে কোনও সফলতা আসেনি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত তাসনিম নিউজ। 

আলাদাভাবে ইরানের ফারস বার্তা সংস্থা বলেছে, শত্রু বিমানের পাইলট বা পাইলটদের কেউ ধরিয়ে দিলে তার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জঙ্গি বিমানটি কোথায় ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়। কাছাড়া, যুদ্ধবিমানটি এফ-৩৫ নাকি এফ-১৫ সেটিও এখনও নিশ্চিত নয়। 

ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যমে যুদ্ধবিমানটির ছবি দিয়ে দাবি করা হয়েছে, তাদের বাহিনী যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরও (আইআরজিসি) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দাবি করে যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে বিমানে ভাঙা টুকরোগুলো যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমানের বলেই মনে হয়েছে।

ছবিতে ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ লেখা একটি আংশিক লোগো দেখা গেছে, যা সাধারণত এফ-১৫ যুদ্ধবিমানের লেজের অংশে থাকে। 

তাছাড়া, বিমানটির লেজের অংশে লাল-সাদা স্ট্রাইপও দেখা গেছে এবং এর আরেকটি ভাঙা টুকরার সঙ্গেও এফ-১৫ যুদ্ধবিমানের সাদৃশ্য পাওয়া গেছে। 

ফলে বিমানটির কাঠামো একরকম নিশ্চিতভাবেই এফ-১৫ যুদ্ধবিমানের বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন গ্রিফিথ এশিয়া ইন্সটিটিউটের ফেলো পিটার লেটন।

সিএনএন-এর ভূ-অবস্থান শনাক্তকরণ ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি সামরিক বিমান ইরানের মধ্যাঞ্চলে কুজেস্তান প্রদেশে অনেক নিচু দিয়ে উড়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে যুদ্ধের শুরুর দিকে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।