পাকিস্তানেও এমপক্স শনাক্ত, আক্রান্ত তিনজন: স্বাস্থ্য কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাত থেকে আসা তিন রোগীর দেহে এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ
সুইডেনের পর এবার পাকিস্তানেও এমপক্স ভাইরাস সংক্রমিত তিন রোগী শনাক্ত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
শুক্রবার স্বাস্থ্য বিভাগ জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হওয়ার পর সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
পাকিস্তানে এর আগেও মাঙ্কিপক্স নামে পরিচিত এমপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে এই ভাইরাসের কোন ধরণটি পাকিস্তানে শনাক্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি।
খাইবার পাখতুনখাওয়া স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক সেলিম খান বলেন, আক্রান্তদের মধ্যে দুই জনের এমপক্স সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
তৃতীয় রোগীর নমুনা নিশ্চিত হওয়ার জন্য রাজধানী ইসলামাবাদের ‘ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট- এ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তিন রোগীকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পাকিস্তান এমপক্স আক্রান্ত সন্দেহে একজনকে শনাক্ত করেছে।
বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার সুইডেনে এমপক্স ভাইরাসের একটি নতুন ধরণে একজন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তি আফ্রিকা থাকাকালে সংক্রমিত হন এবং বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি হতে না হতেই আফ্রিকার বাইরে ইউরোপের দেশে এটিই প্রথম এমপক্স শনাক্তের ঘটনা বলে জানায় সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্স সংক্রমণ আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ার পর বুধবার এ রোগের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
সম্প্রতি ২০২৩ সালের জানুয়ারিতে এমপক্সের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কঙ্গোয় ২৭,০০০ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং ১,১০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই শিশু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এই রোগ সংক্রমণে জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, চামড়ায় ক্ষত তৈরি হয় আর এটি প্রাণঘাতী হতে পারে; এই রোগে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে অন্তত চারজনের মৃত্যু হয়।
এমপক্সের দু’টি ধরন আছে, ক্লেইড ১ ও ক্লেইড ২। এর আগে ২০২২ সালে ক্লেইড ২ এর তুলনামূলক মৃদু সংক্রমণ চলাকালে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার অনেক বেশি প্রাণঘাতী ক্লেইড ১ এর প্রাদুর্ভাব শুরু হয়েছে।
