Published : 02 Dec 2025, 01:47 PM
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি গত সপ্তাহে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে হওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ড তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৫১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বুধবার ওই আবাসিক কমপ্লেক্সের আটটি বহুতল ভবনের মধ্যে সাতটিই আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়। সেসময় ওই কমপ্লেক্সটিতে ব্যাপক সংস্কার কাজ চলছিল। কিন্তু ভবনগুলোর চারপাশে যে সুরক্ষা জাল ছিল তা আগুনের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়, বলছেন তদন্ত কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত নির্মাণ কোম্পানির একাধিক পরিচালকসহ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রায় ৮০ বছরের মধ্যে এমন প্রাণঘাতী অগ্নিকাণ্ড আর দেখেনি হংকং। ভবনগুলোর ভেতর তল্লাশি অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধান নির্বাহী লি বলেছেন, যে স্বতন্ত্র তদন্ত কমিটি হচ্ছে তার নেতৃত্বে এক বিচারককে রাখা হবে। এই কমিটি ‘বিস্তৃত সংস্কার’ শুরু করবে।
ভবিষ্যতে যেন ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের মতো কিছু না ঘটে, তা নিশ্চিতে কাজ করারও অঙ্গীকার করেছেন তিনি।
এখনও কেন দায়িত্বে রয়েছেন, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে লি সংস্কার কাজের গুরুত্ব স্বীকার করে নিলেও তার পদত্যাগের প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
“হ্যাঁ, এটা বেদনাদায়ক, অনেক বড় অগ্নিকাণ্ড। হ্যাঁ, আমাদের সংস্কার দরকার। আমরা বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা শনাক্ত করতে পেরেছি। এ কারণেই আমাদের গুরুত্বসহকারে ব্যবস্থা নিতে হবে, যেন সব ধরনের ফাঁকফোকর দূর করা যায়,” বলেছেন তিনি।
বুধবার আগুন লাগার পর তা কমপ্লেক্সজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। দুই হাজারের বেশি দমকলকর্মীর চেষ্টায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে ওই আগুন নেভানো যায়।
সেদিনই পুলিশ তথ্যপ্রমাণ যোগাড়ে ভবনগুলোর ভেতরে ঢোকা শুরু করে। তদন্ত কাজ শেষ হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের একাধিক বাসিন্দা বলছেন, আগুন লাগার পর তারা ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। হংকংয়ের দমকল বাহিনী পরে জানিয়েছে, আটটি ব্লকের কোনো ফায়ার অ্যালার্মই সেসময় ঠিকঠাক কাজ করেনি।
হংকংয়ের ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৩০টি বেসরকারি প্রকল্পের কাজ আপাতত বন্ধ রেখেছে।
পুলিশ শনিবার বিদ্রোহ সংক্রান্ত অভিযোগে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
ওই ব্যক্তি স্বতন্ত্র তদন্তের আবেদন জানানো একটি গোষ্ঠীর সদস্য। স্বতন্ত্র তদন্ত চেয়ে অনলাইনে একটি পিটিশনে একদিনেরও কম সময়ের মধ্যে ১০ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়ে। পরে ওই পিটিশনটি অনলাইন থেকে মুছে ফেলা হয়।
ওই ব্যক্তির পাশাপাশি আরও দুজনকে পুলিশ আটক করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এ আটকদের মধ্যে সাবেক এক জেলা কাউন্সিলরও রয়েছে।
মঙ্গলবার এসব বিষয়ে জানতে চাওয়া হলে লি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছেন, “অপরাধে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
“আমি জোর দিয়ে বলছি, আমি কোনো অপরাধ সহ্য করব না, বিশেষ করে সেই সব অপরাধ যা আমরা বর্তমানে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগায়,” বলেছেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ উভয় গোষ্ঠীই এসব আটকের খবরের সমালোচনা করেছে।
১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এক হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট আছে। এসব অ্যাপার্টমেন্টগুলোতে ৪ হাজার ৬০০-র মতো লোক থাকে বলে ২০২১ সালের এক সরকারি শুমারি বলছে।
এই বাসিন্দাদের প্রায় ৪০ শতাংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী। কেউ কেউ এই আবাসিক কমপ্লেক্সটি নির্মিত হওয়ার সময় থেকেই এখানে বসবাস করছেন।
১৯৪৮ সালে এক অগ্নিকাণ্ডে হংকংয়ে ১৭৬ জনের মৃত্যু হয়েছিল। ৫ তলা একটি গুদামের নিচতলায় বিস্ফোরণের পর সেবার শহরটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী অগ্নিকাণ্ড দেখেছিল।
হংকং সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড দেখেছিল ১৯১৮ সালে হ্যাপি ভ্যালি রেসকোর্সে। সেবার ছয়শর বেশি মানুষ প্রাণ হারান।