Published : 06 Sep 2026, 08:46 PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহার ওপর ইসরায়েলের ২০২৫ সালের হামলার পক্ষে সাফাই গেয়েছেন এবং কাতারকে 'শত্রুভাবাপন্ন রাষ্ট্র' বলে অভিহিত করেছেন।
ইসরায়েলের আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। শনিবার তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশ করেন।
এই সাক্ষাৎকারে তিনি গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলের নীতিমালায় কাতারের কোনও প্রভাব থাকার দাবিও প্রত্যাখ্যান করেছেন।
কাতারকে শত্রুভাবাপন্ন দেশ উল্লেখ করে তিনি বলেন, তারা ইসরায়েলের সিদ্ধান্তকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করেনি। নেতানিয়াহুর কথায়, “কাতার একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র, তবে এটি এমন কোনও দেশ নয়, যারা এখানে কোনও নির্দেশ দিয়েছে।”
সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর কথাও দম্ভভরে জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, “আমি কাতারে হামলা করেছি, বোমা হামলাও চালিয়েছি। (গাজা) যুদ্ধের সময় তাদের ওপর হামলা করেছি।”
২০২৫ সালের সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের ওই নেতারা সে সময় বৈঠকে বসেছিলেন। বৈঠক চলাকালেই ইসরায়েল তাদের ওপর ওই হামলা চালায়।
ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যসহ ছয়জন নিহত হয়। কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছিল এবং সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছিল।
পরে গত মাসে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে কাতারের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে, ইসরায়েল আর কখনও এ ধরনের হামলা চালাবে না।
২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার আগে গাজায় কাতারের অর্থ পাঠানোর বিষয়ে নিজের সরকারের পক্ষ নিয়ে সাফাই গাইতে গিয়ে নেতানিয়াহু কাতারকে নিয়ে সাম্প্রতিক এইসব কথা বললেন।
সাক্ষাৎকারে গাজায় কাতারের অর্থ প্রবেশের অনুমোদন প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন, মানবিক উদ্দেশ্যে এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের পরামর্শেই ওই অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হয়েছিল।
ইসরাইলের কিছু সমালোচকের অভিযোগ ছিলেন, কাতারের দেওয়া অর্থ হামাস সামরিক কাজে ব্যবহার করেছে। তবে কাতার বরাবরই এমন অভিযোগ নাকচ করে বলেছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ নজরদারিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কেবল বেসামরিক মানুষের সহায়তায় এই অর্থ দেওয়া হয়েছিল।
কাতারে ইসরায়েলের হামলার প্রথম বার্ষিকীর মাত্র কয়েক দিন আগে নেতানিয়াহুর দেওয়া ওই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে এল।