নৌ কমান্ডার তাংসিরি নিহত হয়েছেন, নিশ্চিত করল আইআরজিসি
তিনি ইরানের উপকূল ও দ্বীপগুলোর প্রতিরক্ষা অবস্থান জোরদার করার সময় শত্রুর হামলায় গুরুতর আহত হয়েছিলেন বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসি।
সোমবার এক ঘোষণায় আইআরজিসি জানিয়েছে, শত্রুর লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানার পর প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করার সময় শত্রুর হামলায় গুরুতর আহত হন, পরে তার মৃত্যু হয়।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি তাংসিরিকে একজন ‘একনিষ্ঠ ও অক্লান্ত সেনাপতি’ হিসেবে বর্ণনা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। তিনি কয়েক দশক ধরে ‘আল্লাহর পথে’ লড়াই করেছেন আর ইরানের ‘তৃতীয় পবিত্র প্রতিরক্ষার’ একজন মূল ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে তারা।
তিনি ইরানের উপকূল ও দ্বীপগুলোর প্রতিরক্ষা অবস্থান জোরদার অভিযান তদারকি করার সময় শত্রুর হামলায় গুরুতর আহত হয়েছিলেন বলে জানিয়েছে আইআরজিসি।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলের ‘সুনির্দিষ্ট ও মারাত্মক’ বিমান হামলায় কমান্ডার তাংসিরি ইরানের নৌবাহিনীর আরও বেশ কয়েকজন ‘ঊর্ধ্বতন কর্মকর্তাসহ’ নিহত হয়েছেন দাবি করেছিলেন।
তখন এক সংবাদ সম্মেলনে কাটজ বলেছিলেন, “তাংসিরি হরমুজ প্রণালিতে বোমা হামলা এবং অবরোধ সৃষ্টির মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরাসরি দায়ী। তাকে উড়িয়ে দেওয়া হয়েছে।”
ওই সময় এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
