২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবার সচল, আরও হামলার জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোট ৬৯টি প্রবেশপথে হামলা চালায়, যার মধ্যে ৫০টি ইরান আবার চালু করে ফেলেছে, লিখেছে সিএনএন।

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবার সচল, আরও হামলার জন্য প্রস্তুত ইরান
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 12:33 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

মাটিচাপা পড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করে ফেলেছে ইরান, যার মাধ্যমে ইসরায়েল ও পশ্চিম এশিয়ার দেশগুলোকে নিশানা বানানোর সক্ষমতা ফিরে পেয়েছে তারা।

বিশেষজ্ঞরা বলেছেন, এই সক্ষমতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, শুধু টানেলের মুখে বোমা ফেলে তেহরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা সম্ভব নয়।

কয়েক সপ্তাহের হামলায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর প্রবেশপথ ও সড়ক ধ্বংস করে সেখানে প্রবেশের সুযোগ সীমিত করে দিয়েছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 

কিন্তু সিএনএনের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্র বলছে, ইরান বুলডোজার ও ডাম্প ট্রাকের মতো সাধারণ নির্মাণযন্ত্র ব্যবহার করে সেই হামলার ক্ষত কাটিয়ে উঠছে। 

ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা বলেছে, তবে সেটা বাস্তবায়ন হতে হতে কয়েক মাস কেটে যাবে।

এর মধ্যে যদি আবার আবার সংঘাত শুরু হয়, তাহলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কাজ করা এই বিশ্লেষক বলেন, “যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণযন্ত্র ও প্রশিক্ষিত ক্রু থাকবে, ততক্ষণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে; এমনকি উৎপাদন বন্ধ থাকলেও।

তার ভাষায়, “ইরানিদের কাছে এখনও যে বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ আছে, সেগুলো দিয়ে উৎক্ষেপণযন্ত্রগুলো সচল করতে তাদেরকে কোনো বেগ পেতে হবে না।” 

সিএনএন লিখেছে, যুদ্ধ চলাকালে ইরান প্রবল ঝুঁকি নিয়েই টানেলের প্রবেশপথ পুনরায় সচল করার কাজে এগিয়ে নিতে থাকে। এ কারণে যুদ্ধের পুরোটা সময় তারা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখতে সক্ষম হয়। 

প্রায় সাত সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পুনরুদ্ধার কার্যক্রম আরো গতি পায়। 

তেহরানে একটি সমাবেশে উপস্থিত ইরানিরা যুক্তরাষ্ট্রবিরোধী শ্লোগান দিচ্ছে। ছবি: রয়টার্স

তেহরানে একটি সমাবেশে উপস্থিত ইরানিরা যুক্তরাষ্ট্রবিরোধী শ্লোগান দিচ্ছে

সিএনএনের বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ৬৯টি প্রবেশপথে হামলা চালায়। এর মধ্যে ইরান এখন পর্যন্ত ৫০টি পুনরায় চালু করে ফেলেছে।

এসব ঘাঁটির অন্যান্য অবকাঠামোও ইরান মেরামত করেছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযান চলাচল ঠেকাতে যেসব সড়কে বোমা ফেলে বড় বড় গর্ত তৈরি করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে। এমনকি দুটি স্থানে নতুন করে ঢালাইও করা হয়েছে।

স্যাম লেয়ার বলেন, “মার্কিন বাহিনী তাৎক্ষণিক সফলতা অর্জনে দক্ষ, যেটা ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সাময়িকভাবে অচল করে দেওয়ার মাধ্যমে তারা দেখিয়েছে। 

“কিন্তু এর সঙ্গে যদি বাস্তবসম্মত রাজনৈতিক লক্ষ্য ও অর্জনযোগ্য কৌশল না থাকে, তাহলে তা শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নিতে পারে।”

সিএনএন লিখেছে, তারা এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর— পেন্টাগনের মুখপাত্র শন পারনেলের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল।

কিন্তু সেগুলোর নির্দিষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন যেখানে বলবেন, সেখানেই অভিযান চালানোর সব সক্ষমতা আমাদের রয়েছে।“

যুদ্ধের একটি প্রধান লক্ষ্য

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই এই যুদ্ধের অন্যতম কারণ এবং সেটি ধ্বংস করা ছিল তার মূল লক্ষ্যগুলোর একটি।

গেল মার্চ মাসে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি যুদ্ধের পাঁচটি উদ্দেশ্য তুলে ধরে লেখেন, “ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, উৎক্ষেপণযন্ত্র এবং সংশ্লিষ্ট সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।”

ইরান দুই দশকের বেশি সময় ধরে যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বড় ধরনের সুরক্ষাও পাচ্ছে।

আবার কিছু ঘাঁটি আছে পাথরের নিচে; শত শত মিটার গভীরে। এগুলোতে সরাসরি হামলার সুযোগ সীমিত। এ কারণেই সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ঘাঁটির প্রবেশপথ লক্ষ্য করে হামলা চালায়। 

ইরানের উৎক্ষেপণযন্ত্র খুঁজে বের করে সেগুলো ধ্বংসের প্রচেষ্টাও চলে। ফলে যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হার কমে যায়।

সিএনএন লিখেছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি হয়। অধিকাংশ টানেলের প্রবেশপথ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সেখানে যাওয়ার সড়কগুলো ভেঙে যায়।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যায়, গুরুত্বপূর্ণ ইস্পাহান নর্থ মিসাইল ঘাঁটির মতো স্থাপনাগুলো হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। টানেল ধ্বংসস্তূপে ঢেকে গেছে এবং বাইরে থাকা উৎক্ষেপণযান ধ্বংস হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ ব্যবস্থাকেও নিশানা বানায়। ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির কারখানা থেকে শুরু করে রকেট জ্বালানি ও ক্ষেপণাস্ত্রের মূল কাঠামো নির্মাণের কারখানাগুলো তারা তছনছ করে দেয়।

৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “ইরানকে এখন অবশিষ্ট উৎক্ষেপণযন্ত্র ও ক্ষেপণাস্ত্র মাটি খুঁড়ে বের করতে হবে, কিন্তু সেগুলো প্রতিস্থাপনের কোনো সক্ষমতা তাদের নেই। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে।”

তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে এখনও প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে।

তাদের হিসাবে, প্রবেশপথে চালানো হামলায় মাটির গভীরে সংরক্ষিত এসব অস্ত্র খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়। কারণ গত বছরের হামলাতেও ইসরায়েল একই ধরনের কৌশল ব্যবহার করেছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কাজ করা ইউনিভার্সিটি অব হামবার্গের জ্যেষ্ঠ গবেষক তাইমুর কাদিশেভ বলেন, “তারা ২০ বছর ধরে এমন যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তারা অত্যন্ত প্রস্তুত।”

ইরানের খোমেইনের কাছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ১৫ এপ্রিলের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ১০টি নির্মাণযান সুড়ঙ্গের প্রবেশপথ পরিষ্কারের কাজ করছে। ছবি: এয়ারবাস

ইরানের খোমেইনের কাছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ১৫ এপ্রিলের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ১০টি নির্মাণযান সুড়ঙ্গের প্রবেশপথ পরিষ্কারের কাজ করছে

দ্রুত পুনর্গঠন অভিযান

সিএনএন লিখেছে, ঘাঁটিগুলো পুনরায় চালু করতে ইরান বিভিন্ন ধরনের নির্মাণ ও মাটি সরানোর যন্ত্র ব্যবহার করছে।

ধ্বংসস্তূপ সরাচ্ছে ফ্রন্ট-এন্ড লোডার; আর ডাম্প ট্রাকের মাধ্যমে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে বোমার আঘাতে তৈরি হওয়া গর্ত। 

ইস্পাহানের বাইরে একটি ঘাঁটিতে যুদ্ধ চলাকালে চারটি টানেল প্রবেশপথ বন্ধ করতে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

দুটি প্রবেশপথের সামনে অন্তত ১৮টি বড় গর্ত দেখা যায়। এর মাধ্যমে বোঝা যায়, টানেলগুলো বন্ধ করতে বিপুল গোলাবারুদ খরচ করতে হয়েছে।

মে মাসের শুরুর একটি ছবিতে দেখা যায়, একটি ডাম্প ট্রাক সেই গর্তগুলো ভরাট করছে। অন্য দুটি প্রবেশপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং সেখানে যাওয়ার সড়কগুলোও নতুন করে বানানো হয়েছে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে খোমেইনের বাইরে আরেকটি ঘাঁটির ছবিতে অন্তত ১০টি নির্মাণযানকে প্রবেশপথ চালু করার কাজ করতে দেখা যায়।

বিশ্লেষকদের আশঙ্কা, এসব অস্ত্রভাণ্ডারকে হয়ত যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রপ্রতিরোধী ব্যবস্থার মজুদও কমে আসছে।

বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা হলেও ইরান উৎপাদনে ফিরতে সক্ষম। 

মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলেছে, ইরান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা পুনর্গঠন শুরু করে দিয়েছে। তারা ড্রোন উৎপাদন পুনরায় চালু করেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ও উৎপাদন সক্ষমতাও পুনঃস্থাপন করেছে।

কাদিশেভের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক কৌশল বাস্তবায়ন করাটা কেন এত কঠিন, এসব ঘটনা সেই প্রশ্নের একটা জবাব হতে পারে।

“এ ধরনের স্থাপনা ধ্বংস করতে অত্যন্ত উন্নত ও ব্যয়বহুল অস্ত্র প্রয়োজন হয়, কিন্তু পুনরুদ্ধারের জন্য লাগে খুব সাধারণ প্রযুক্তি— শুধু কয়েকটি বুলডোজার।”

আরো পড়ুন

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে বসছেন ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে নিজ দলেই চাপে ট্রাম্প, সংকীর্ণ হচ্ছে রাজনৈতিক পথ

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: ইরান