২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর কিইভে মুহুর্মুহু ড্রোন হামলা রাশিয়ার

কিইভের প্রায় সব জেলাতে রাশিয়ার রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর কিইভে মুহুর্মুহু ড্রোন হামলা রাশিয়ার
কিইভে রাশিয়ার ড্রোন হামলায় রাতের আকাশে বিস্ফোরণ। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 11:25 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

ইউক্রেইনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। 

তবে ট্রাম্প ‘কথোপকথনে তেমন লাভ হয়নি’ বলে জানানোর কয়েকঘণ্টা পর শুক্রবার রাত থেকেই  ইউক্রেইনের রাজধানী কিইভজুড়ে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

কিইভের প্রায় সব জেলাতে এই হামলায় ১ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকেই কিইভের আকাশে ছিল ঝঁঝালো ধোঁয়ার কুন্ডলী। কয়েকঘল্টা পর রাত নামতেই ড্রোনের আওয়াজ আার বিশাল বিস্ফেরণের শব্দে প্রকম্পিত হয় কিইভ।

ইউক্রেইন বলেছে, রাশিয়া রেকর্ড ৫৫০ টি ড্রোন এবং ১১ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেইনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ৫৫০ টি ড্রোনের ৭২ টিই আকাশ প্রতিরক্ষা ভেদ করে গেছে। 

এর আগে গত শনিবার রাতে ৫৩৭ টি ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। এবারে রাশিয়ার ড্রোনের সংখ্যা তার চেয়েও বেশি। ড্রোন হামলার ক্ষেত্রে এটি নজির।

কিইভে দফায় দফায় হামলা চলার সময় ৮ ঘণ্টা ধরে বাজানো হয় বিমান হামলার সতর্কতা সাইরেন। হামলার কারণে রাতভর ঘর ছেড়ে ‘নিরাপদ আশ্রয়ে’থাকতে হয়েছে ইউক্রেইনের মানুষকে। 

একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিইভের রেলস্টেশনসহ একাধিক অ্যাম্বুল্যান্সে হামলা হয়েছে।

পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের পরই সরাসরি এই হামলা হলে উল্লেখ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রাশিয়া আরও একবার দেখিয়ে দিল যে তারা যুদ্ধ অবসানে ইচ্ছুক নয়।”

ইউক্রেইন যুদ্ধ পরিস্থিতি নিয়েই পুতিনের সঙ্গে  ট্রাম্প বৃহস্পতিবার ফোনে আলোচনা করেন। কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এ আলোচনা কোনও দিশা দেখাতে পারেনি।

ট্রাম্প বলেন, “অনেকক্ষণ ধরেই আমাদের কথা হয়েছে। অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। ইরান নিয়ে এবং ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলাপ হয়েছে। কিন্তু এরপরও আমি খুশি হতে পারছি না। চুক্তির বিষয় নিয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি।”

 গত ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে এ নিয়ে ষষ্ঠ বার পুতিনের সঙ্গে তার ফোনে কথা হল।  ইউক্রেইন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে এই আলোচনা চলছে।

 এই যুদ্ধ তাড়াতড়ি বন্ধ করার বিষয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ট্রাম্প। কিন্তু তিনি এখনও তা করতে সফল হননি।