মার্কিন দূতরা ইউক্রেইন ছাড়ার পর কিইভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দূতরা ইউক্রেইন ছাড়ার পর দেশটির রাজধানী কিইভে ফের আকাশ হামলা শুরু করেছে রাশিয়া।
মঙ্গলবার ভোররাতে নগরীটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন বলে কিইভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন।
টেলিগ্রাম অ্যাপে ক্লিচকো জানান, হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনে বাসিন্দারা আটকা পড়েছিলেন আর কিইভের অনেক এলাকায় আগুন ধরে যায়।
টেলিগ্রামে পৃথক আারেক বিবৃতিতে কিইভের সামরিক প্রশাসন জানিয়েছে, একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবন ও একটি তিনতলা আবাসিক ব্লক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিইভে যখন বিস্ফোরণ শোনা যাচ্ছে তখন ইউক্রেইনের প্রতিবেশী দেশ, নেটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড ‘আকাশপথে লঙ্ঘনের ঝুঁকি এড়াতে’ সামরিক বিমান চালনা অভিযান শুরু করে বলে দেশটির সশস্ত্র বাহিনী এক্সে জানিয়েছে।
রয়টার্স জানায়, রোববার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর কিইভ ছাড়েন মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। এরপর কিইভে আবার হামলা শুরু করে রাশিয়া।
ইউক্রেইন যুদ্ধ অবসানের চেষ্টায় নতুন করে তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে কুশনার ও উইটকফ মস্কো সফর করে যুদ্ধ বন্ধের প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। মস্কো থেকে কিইভ গিয়ে জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন তারা। মার্কিন দূতদের সফরকে ঘিরে পুতিন ও জেলেনস্কি একে অপরের রাজধানীতে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হন।
মার্কিন দূতরা কিইভ ছাড়ার পরই ফের পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়। রাশিয়ার ভোলগা নদী তীরবর্তী শহর সারাতোভে ইউক্রেইনের ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও লোকজন আহত হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
