Published : 05 Jul 2025, 11:24 AM
রোমের পূর্বাঞ্চলীয় এক জেলায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে ১২ পুলিশ সদস্য ও ৬ দমকলকর্মীও আছে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে শ্রমজীবী অধ্যুষিত প্রেনেস্তিনো এলাকায় পেট্রোল, ডিজেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহকারী পাম্পে ওই বিস্ফোরণের শব্দ রাজধানীজুড়ে শোনা গেছে।
বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তা লাগছে।
রোমা টুডে ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে আগুন ও ধোঁয়ার বিশাল এক কুণ্ডকে আকাশের দিকে উঠতে দেখা যাচ্ছে। দমকল বিভাগের দেওয়া পৃথক ছবিতে পেট্রোল পাম্পটি যে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে তা বোঝা যাচ্ছে।
“আমার আওতাধীন ধর্মীয় অঞ্চলের প্রাণকেন্দ্রে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে সংশ্লিষ্টদের জন্য প্রার্থনা করছি আমি। উদ্বেগ নিয়ে আমি এই মর্মান্তিক ঘটনার দিকে খেয়াল রাখছি,” এক্সে এমনটাই লিখেছেন পোপ চতুর্দশ লিও।
ইতালির গণমাধ্যমগুলো বলছে, ওই পেট্রোল পাম্পের একটি পাইপলাইনে এক ট্রাক ধাক্কা মারার পর ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন দমকল ও অ্যাম্বুলেন্সকর্মীরা। এর পরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোমের মেয়র রবের্তো গুয়েলতিয়েরি সাংবাদিকদের বলেন, ট্যাংকে জ্বালানি ভরার সময় একটি ঘটনা ঘটে, তার সূত্র ধরে গ্যাস লিক হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এসবের পরিণতিতেই আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি স্পোর্টস সেন্টারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প চললেও বিস্ফোরণের আগেই সেটি খালি করে ফেলা হয় বলে সেন্টারটির এক প্রতিনিধি ফেইসবুক ভিডিওতে বলেছেন। তাদের তত্ত্বাবধানে থাকা ৫ শিশু নিরাপদে আছে এবং তারা পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছে, বলেছেন তিনি।
পেট্রোল পাম্পটিতে ‘এনি’ ব্র্যান্ডের নাম দেখা গেলেও ইতালির জ্বালানি সংস্থাটি বলেছে, ওই পাম্প তাদের মালিকানাধীন নয়।
গত বছরের ডিসেম্বর ফ্লোরেন্সের কাছে এনি-র এক জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছিল।