ইউক্রেইনে হামলায় দূতাবাস ক্ষতিগ্রস্ত, রাশিয়ার দূতকে ডেকে আজারবাইজানের প্রতিবাদ
ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান।
ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটি।
শুক্রবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রণালয় রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল ইয়েভদোকিমভকে তলব করে এই প্রতিবাদ জানায়।
রাশিয়ার ইস্কান্দর ক্ষেপণাস্ত্রের আঘাতে কিইভে আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দূতাবাসের চৌহদ্দির দেয়াল ধ্বংস হয়েছে এবং দূতাবাস প্রাঙ্গণের মারাত্মক ক্ষতি হয়েছে। যদিও এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিবিসি জানায়, কিইভে রাশিয়ার একের পর এক হামলায় পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোনের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছে।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা জঘন্য এবং হিসাব-নিকাশ করে চালানো হয়েছে। তিনি জানান, প্রায় ৪৩০ টি ড্রোন এবং ১৮ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্য কয়েকটি অঞ্চলও হামলার নিশানা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে কর্নোমর্স্ক বাজারে ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছে।
রুশ নোভোরোসিয়াস্ক কৃষ্ণসাগর বন্দরও বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয়েছে। সেখানে একটি তেল শোধনাগারে আগুন লাগে। একটি জাহাজ এবং অ্যাপার্টমেন্ট ব্লকেও আঘাত লেগেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওদিকে, কিইভের বিশেষত প্রতিটা জেলায় আবাসিক ভবনগুলোতে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসন প্রধান তৈমুর শেঙ্কো।
ইউক্রেনীয় জরুরি সেবা দপ্তর জানিয়েছে, আগুনে বহু বহুতল ভবন, একটি হাসপাতাল, স্কুল ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
দেসনিয়ানস্কিতে একটি আবাসিক ভবনে আগুন থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়। সেখানে একজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কিইভের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের কয়েকটি ভবন গরম রাখার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
