১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোরাচালানের জ্বালানি তেলসহ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজ আটক করেছে ইরান

জাহাজটিতে ১৪ জন ক্রু আছেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় আর অন্যজন প্রতিবেশী দেশের নাগরিক।

চোরাচালানের জ্বালানি তেলসহ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজ আটক করেছে ইরান
আফ্রিকার দেশ ইসোয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ। ছবি: এক্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চোরাচালানের তিন লাখ ৫০ হাজার লিটার জ্বালানি তেলসহ আফ্রিকার স্থলবেষ্টিত দেশ ইসোয়াতিনির পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে ইরান। 

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনের বরাতে রোববার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন নৌ কমান্ডার জানিয়েছেন, জাহাজটিতে ১৪ জন ক্রু আছেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় আর অন্যজন প্রতিবেশী দেশের। 

এই কর্মকর্তা বলেছেন, “চোরাচালানের জ্বালানি বহনকারী একটি জাহাজ আমরা আটক করেছি। এটিতে থাকা জ্বালানিগুলো গ্যাসঅয়েল। জাহাজটি সোয়াজিল্যান্ডের (ইসোয়াতিনির) পতাকা বহন করছিল। আদালতের আদেশে এটিকে (ইরানের) বুশেহর উপকূলে নিয়ে আসা হয়েছে। এটির মাল খালাস করা হবে।”  

উচ্চ ভর্তুকি এবং মুদ্রার মূল্য হ্রাসের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে কম জ্বালানি তেলের দেশগুলোর মধ্যে একটি। স্থল পথে দেশটি থেকে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে ব্যাপক জ্বালানি পাচার হয়। এসব পাচারের লাগাম টেনে ধরতে লড়াই করছে দেশটি।