১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ লেবাননে ‘কোনো যুদ্ধবিরতি নেই’: আইডিএফ প্রধান

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থানগুলো পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির।

দক্ষিণ লেবাননে ‘কোনো যুদ্ধবিরতি নেই’: আইডিএফ প্রধান
দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরায়েলের প্যারাট্রুপার বাহিনীর সেনারা। ছবি: আইডিএফ/টাইমস অব ইসরায়েল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 01:06 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

দক্ষিণ লেবাননে ‘কোনো যুদ্ধবিরতি নেই’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির।

বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থানগুলো পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতিতে সংঘাতের ব্যাপকতা হ্রাস পেলেও দক্ষিণ লেবাননে দুপক্ষের মধ্য সহিংসতা অব্যাহত আছে। ১৭ এপ্রিল শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২৪ এপ্রিল আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

জানা গেছে, লেবানন সরকারের সঙ্গে তাদের ঐতিহাসিক সরাসরি আলোচনা দুই সপ্তাহ সময়সীমার মধ্যে সীমিত করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। এই আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনের কাছে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার বিষয়ে সম্মতি চেয়েছে তেল আবিব।

এমন পরিস্থিতিতেই দক্ষিণ লেবাননের ইসরায়েলি সীমান্ত সংলগ্ন গ্রাম তাইবেতে গিয়ে মোতায়েনকৃত ইসরায়েলি সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন জমির। তিনি বলেন, আইডিএফ হিজবুল্লাহর হামলা ‘সহ্য করবে না’। 

জমির আরও বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর প্রতি হুমকি অপসারিত না হওয়া পর্যন্ত লেবাননের দখলকৃত এলাকাগুলো (তথাকথিত বাফার জোন) থেকে সরবে না ইসরায়েলি বাহিনী।   

“আমাদের এলাকাগুলোর ওপর হামলা ও গোলাবর্ষণ সহ্য করবো না আমরা। উত্তরাঞ্চলের এলাকাগুলোর জন্য দীর্ঘ মেয়াদি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সরবো না,” বলেন তিনি।   

সেনাদের উদ্দেশে তিনি বলেন, “এই যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। উত্তরাঞ্চলের এলাকাগুলোর ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি অপসারণ করতে তোমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামোগুলো খুঁজে বের করে তাদের হত্যা করতে হবে। অবকাঠামো ধ্বংস করতে ও সন্ত্রাসীদের হত্যা করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।”

জামিরের সফরের সময়ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাদের অভিযান অব্যাহত রেখেছিল। তারা জানিয়েছে, বুধবার সকালে লেবাননের বারাশিত ও শাকরা শহরে বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ করেছে তারা আর হিজবুল্লাহর প্রায় ২০টি স্থাপনায় আঘাত হেনেছে। তারা হিজবুল্লাহর রকেট লঞ্চারে আঘাত হেনে ধ্বংস করার আর দুটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে।  

বুধবার পৃথক দুটি ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি এফপিভি ড্রোন যোগে হামলা চালায়। কিন্তু ড্রোনগুলো ইসরায়েলি সেনাদের কাছাকাছি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আইডিএফ।