যুদ্ধের অবসানকে ‘সবার জন্য বিজয়’ বললেন ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে হওয়া যুদ্ধের অবসান প্রত্যেকের জন্যই বিজয়- বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ১২ দিনের যুদ্ধ আপাতত থেমেছে। ইরানের পরমাণু কর্মসূচি ভেস্তে দিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্রও।
যুদ্ধে কে জিতল? সে প্রশ্নে তিন পক্ষই নিজেদের সফলতা দাবি করেছে। এবার ট্রাম্প যুদ্ধের অবসানকে ‘সবার জন্য বিজয়’ বলে ঘোষণা করলেন।
বুধবার নেদারল্যান্ডসের হেগ এ নেটো সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প এই ঘোষণা দেন।
তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বাঙ্কার-বাস্টার বোমা হামলা চালানোর যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তাতে যুদ্ধের অবসান হয়েছে। “এটি প্রত্যেকের জন্যই বিজয়।”
ইরান ও ইসরায়েলের মধ্যে দ্রুত যুদ্ধ শেষ হওয়ায় আনন্দে উচ্ছসিত ট্রাম্প বলেন, এখন তিনি ইরানের সঙ্গে এমন এক সম্পর্ক আশা করছেন যেখানে দেশটি আর পারমাণবিক কর্মসূচিতে ফিরে যাবে না।
মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন এক প্রাথমিক প্রতিবেদনে যদিও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে।
তবে এই দাবি মানছেন না ট্রাম্প। তিনি বলছেন, এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন। আসলে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিধ্বস্ত হয়েছে এবং কয়েক দশক পিছিয়ে গেছে।
ইসরায়েলের আনবিক শক্তি সংস্থার মূল্যায়নেও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি চালানোর সক্ষমতা বহু বছরের জন্য পিছিয়ে গেছে। হোয়াইট হাউজ ইসরায়েলের এই বিবৃতিও প্রচার করেছে।
ট্রাম্প বলেছেন, তেহরান এখন আবার তাদের পারমাণবিক কর্মসূচি নতুন করে চালুর চেষ্টা করবে না বরং সম্প্রীতির জন্য কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করবে এ ব্যাপারে তার আস্থা আছে।
তিনি বলেন, “তারা (ইরান) শেষ যে কাজটি করতে চায়, তা হল ইউরেনিয়াম সমৃদ্ধ করা। তারা ক্ষতি পুষিয়ে নিতে চায়। তারা এই কর্মসূচি আবার চালু করতে চেষ্টা করলে আমরা তা হতে দেব না।
