২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতিতে বিশ্বজুড়ে মানবিক সহায়তা ঝুঁকিতে: জাতিসংঘ

যুদ্ধের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছানোর গতি ধীর হয়ে গেছে- বলেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতিতে বিশ্বজুড়ে মানবিক সহায়তা ঝুঁকিতে: জাতিসংঘ
সুদানের এক শরণার্থী। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 02:40 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত বিশ্বজুড়ে মানবিক ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। 

বুধবার তিনি জানান, এই যুদ্ধের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছানোর গতি ধীর হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফ্লেচার বলেন,  “মধ্যপ্রাচ্য অঞ্চল এবং আমি মনে করি গোটা বিশ্বেই আমরা এক গুরুতর বিপজ্জনক মুহূর্তে রয়েছি।”

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ লেবানন ও উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশপথ ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। 

ফ্লেচার জানান, যুদ্ধের ফলে গাজা ও সাব-সাহারা আফ্রিকার দেশগুলোতে ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ, মনবিক সাহায্য পরিবহণ করতে হয় হরমুজ প্রণালি দিয়ে কিংবা উপসাগরীয় অঞ্চলের আকাশপথ দিয়ে। 

যুদ্ধের কারণে দুই পথই কার্যত বন্ধ হয়ে আছে। ত্রাণ সরবরাহে বিঘ্নের কারণে বিশেষ করে খরা কবলিত সোমালিয়া ও যুদ্ধবিক্ষুব্ধ সুদান চরম সংকটের মুখে পড়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতি শুধু ত্রাণ সরবরাহ কমাবে না, বরং পুরো অঞ্চলে জ্বালানি ও খাদ্যের দামও বাড়িয়ে দেবে। বর্তমান অবস্থাকে তিনি একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও জানান, হরমুজ প্রণালীতে যাতায়াত সীমিত হওয়ায় বিকল্প পথে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া বহুগুণ বেড়েছে। 

একই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় আকাশপথে ত্রাণ পাঠানো ব্যয়বহুল হয়ে পড়েছে। অথচ দাতা দেশগুলো এরই মধ্যে বিভিন্ন সংস্থার বাজেট কমিয়ে দিয়েছে, যা সংকটকে আরও ঘনীভূত করছে।

ফ্লেচার বলেন, “জাতিসংঘের মানবিক সহায়তা বিমানগুলো চালু রাখতে আমরা কোনোমতে কিছু অর্থ জোগাড় করেছিলাম। কিন্তু রাতারাতি তেলের দাম বেড়ে যাওয়ায় এখন সেই কার্যক্রম পরিচালনা করা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে।”