Published : 23 Dec 2025, 10:55 PM
দিনভর বিভিন্ন মিশনের সামনে বিক্ষোভ আর প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে পাল্টা তলব করেছে ভারত।
মঙ্গলবার বিকালে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাকে তলবের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তলবের পর হাই কমিশনারের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম।
ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে দিনভর বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে বার্তা সংস্থা এনআইকে উদ্ধৃত করে রিয়াজ হামিদুল্লাহকে তলব করার খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এর আগে সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে ডেকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে শনিবারের বিক্ষোভ এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাংচুরের ঘটনায় ঢাকার উদ্বেগের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এ নিয়ে ১০ দিনের মধ্যে দুইবার করে তলব ও পাল্টা তলবের ঘটনা ঘটল।
এর আগে ১৪ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১৭ ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে পাল্টা তলব করা হয়েছিল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমানি বিন হাদির হত্যাকারীকে আশ্রয় দেওয়া অভিযোগে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভের ঘটনার রেশ শেষ না হতেই ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে।
এরপর ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে গত দুই দিন দিল্লি, কলকাতা, আগরতলা, শিলিগুঁড়িতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে তালা দিয়ে বিক্ষোভ করে বেশ কয়েকটি সংগঠন। ‘চরমপন্থি গোষ্ঠী’ সেখানে ভাঙচুর চালায় বলে বাংলাদেশের তরফে অভিযোগ করা হয়।
এমন পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। পাশাপাশি বন্ধ করা হয় আগরতলায় সহকারী হাইকমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের ভিসা সেবাও।
এ উত্তেজনার মধ্যে মঙ্গলবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ‘গভীর উদ্বেগ’ জানায় বাংলাদেশ সরকার।
এরপর দিনভর দিল্লি, কলকাতা ও আগরতলায় দীপু হত্যার প্রতিবাদে বিক্ষোভের ঘটনা ঘটে। এতে হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে উত্তেজনা তৈরি হয়।
দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কর্মীরা ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। ভিএইচপি কর্মীদের পুলিশ আটকও করেছে। কলকাতাতেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
হিন্দুত্ববাদীরা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে অগ্রসর হয়। তারা বেরিকেড ভেঙে বেকবাগান এলাকায় মিশনের দিকে এগোলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দ্য হিন্দু লিখেছে, কলকাতায় বাংলাদেশ মিশনের এলাকায় ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ এর ব্যানারে ‘হিন্দু হুংকার পদযাত্রা’ শিরোনামে মিছিল ও বিক্ষোভ হয়েছে। শিয়ালদহ থেকে শুরু করে মিছিলটি মিশন অভিমুখে যেতে থাকে। পরে সেটি বেকবাগান এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এ ছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনের বাইরেও বিক্ষোভ হয়েছে। সেখানে টিপরা মথা পার্টি ও অন্যান্য দল ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। বিক্ষোভকারীরা ফের আন্দোলন ও অবরোধের হুঁশিয়ারি দিয়েছে।
কূটনৈতিক মিশন ছাড়াও ভারতের আসাম, জম্মু ও রাজৌরিতেও বিক্ষোভ হয়েছে দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে। মধ্যপ্রদেশের ভোপালেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
ভারতীয় হাই কমিশনারকে তলব, দিল্লি-শিলিগুড়ির ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ
ভারতে বাংলাদেশের ৩ মিশনের বাইরে বিক্ষোভ
দিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের বাইরে ফের বিক্ষোভ, উত্তেজনা
পাল্টা তলব 'অপ্রত্যাশিত না', 'নসিহত অগ্রহণযোগ্য': পররাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলার 'ক্রমাবনতি': দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব